সুনামগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১

আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ০৯:০৬ পিএম

সুনামগঞ্জের শাল্লায় পতিত জমির দখল নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আব্দুল মান্নান (৬৭) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের পাঁচজন আহত হন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার (৩১ অক্টোবর) বেলা ২টার দিকে শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের নিচগাঁও গ্রামে বাড়ির পাশের জমির দখল নিয়ে রূপ মিয়া ও আজব মিয়ার মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

এ সময় আব্দুল মান্নান গুরুতর আহত হন। পরে তাকে চিকিৎসার জন্য শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সংঘর্ষে দুই পক্ষের আরও পাঁচজন আহত হন।

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল বলেন, জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত