ভাত রান্না নিয়ে বিরোধ, কাঁচির আঘাতে কিশোরের মৃত্যু

আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ০৯:১৭ পিএম

রাজধানীর মোহাম্মদপুরে চুলায় ভাত রান্না করাকে কেন্দ্র করে বিরোধের জেরে কাঁচির আঘাতে নিরব (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে, গত ১৯ অক্টোবর রাত ৯টার দিকে মোহাম্মদপুরের রায়েরবাজার গ্রিপ গলির একটি টিনশেড বাসায় এ ঘটনা ঘটে।

নিহত নিরবের বড় ভাই পিয়াল হাসান জানান, তাদের গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার রামনগর গ্রামে। তাদের বাবা এনায়েত মুন্সি পেশায় রংমিস্ত্রি। নিরবও বাবার সঙ্গে কাজ করত।

তারা বর্তমানে রায়েরবাজার গ্রিপ গলির একটি টিনশেড বাসায় মেস করে থাকেন। একটি কক্ষে দুই ভাই ও তাদের বাবা বসবাস করেন।

পিয়াল হাসান জানান, গত ১৯ অক্টোবর রাত ৯টার দিকে গ্যাসের চুলায় ভাত রান্না করছিল নিরব। এ সময় পাশের কক্ষের আলমগীর সেখানে ভাত রান্না করতে আসেন। রান্নার জন্য চারটি চুলা থাকলেও অন্য চুলা ব্যবহার না করে তিনি নিরবকে চুলা ছেড়ে দিতে বলেন। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে নিরব আলমগীরকে গালাগাল করলে ক্ষিপ্ত হয়ে তিনি নিরবকে মারধর করেন।

এ সময় মারামারি থামাতে পিয়াল এগিয়ে গেলে তাকেও মারধর করা হয়। পরে আলমগীরের ভাই শিমুল এবং তার দুই ভাতিজা নাজিম ও নাদিম কক্ষ থেকে বের হয়ে নিরবকে মারধর করেন। একপর্যায়ে শিমুল কাঁচি দিয়ে নিরবের গলায় আঘাত করেন।

কিছুক্ষণ পর তাদের বাবা এনায়েত বাসায় ফিরলে তাকেও মারধর করা হয়। পরে আহত নিরবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে আইসিইউতে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকেলে তার মৃত্যু হয়।

মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম জানান, গত ১৯ অক্টোবর রাতে ভাত রান্নাকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটে। এতে গলায় কাঁচির আঘাতে নিরব আহত হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত