ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরে আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা।
শনিবার (৩১ অক্টোবর) সকালে মিরপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে পোশাক কারখানার শ্রমিকেরা অবস্থান নেন। এর ফলে সংশ্লিষ্ট এলাকাগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এবং চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। গত বৃহস্পতিবারও মিরপুরের কয়েকটি এলাকায় সড়ক অবরোধ করেছিলেন পোশাকশ্রমিকেরা।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন বলেন, শনিবার সকাল পৌনে ১১টা থেকে মিরপুরের কয়েকটি জায়গায় সড়ক অবরোধ করে রেখেছেন শ্রমিকরা।
তিনি বলেন, আশপাশের কারখানা থেকে কয়েকশ শ্রমিক রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ আন্দোলনকারীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে।
এদিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর ট্রাফিক বিভাগ তাদের ফেসবুক পেজে এক পোস্টে জানিয়েছে, পোশাকশ্রমিকদের বিক্ষোভের কারণে মিরপুর-১০, মিরপুর-১১, মিরপুর-১২ এবং প্রশিকা মোড় এলাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে।