খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে সর্বস্তরের মানুষকে নিয়ে জোরালো গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন খেলাফত মজলিসের মহাসচিব, বিশিষ্ট লেখক ও গবেষক ডা. আহমদ আবদুল কাদের। তিনি বলেছেন, `জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা এবং ইনসাফভিত্তিক সমাজ গঠনে খেলাফত ব্যবস্থার বিকল্প নেই।'
শনিবার (৩১ অক্টোবর) বিকেলে কুড়িগ্রাম শহরের শহীদ মিনার চত্বরে জেলা খেলাফত মজলিস আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশে সভাপতিত্ব করেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি আলহাজ মাওলানা আবু সাঈদ।
সমাবেশ থেকে গণভোটের রায়ের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়ন এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ তেল, গ্যাস ও বিদ্যুতের দাম কমানোর দাবি জানানো হয়। এ ছাড়া মাদক নির্মূল, অপরাধ দমন, সমাজে শান্তিশৃঙ্খলা বজায় রাখা, কওমি সনদের সরকারি স্বীকৃতি এবং যোগ্যতার ভিত্তিতে সরকারি চাকরিতে প্রবেশের সুযোগ নিশ্চিত করার দাবি তোলেন বক্তারা।
বিশেষ অতিথির বক্তব্য দেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য মাস্টার মো. সিরাজুল ইসলাম, রংপুর বিভাগের সহকারী জোন পরিচালক আলহাজ মো. সবেবর রহমান, অধ্যক্ষ এ কে এম গোলাম আযম এবং উপাধ্যক্ষ মো. তৌহিদুর রহমান মণ্ডল রাজু।
বক্তারা বলেন, সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এবং দেশের সার্বভৌমত্ব সুরক্ষায় দুর্নীতি ও অপরাধের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।
সমাবেশে কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলা থেকে খেলাফত মজলিস ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।