প্রতি বছরের মতো এবারও এইচএসসির ফলাফলে গৌরবময় সাফল্য অর্জন করেছে রাজধানীর স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান মাইলস্টোন কলেজ। এ বছর মাইলস্টোন থেকে বাংলা ও ইংরেজি ভার্সনে মোট ২৯৫৯ জন শিক্ষার্থী অংশ নেন। ইংরেজি ভার্সনে পাসের হার ১০০%, গড় পাসের হার ৯৯.৮৩%, জিপিএ-৫ পেয়েছেন ৩১২ জন শিক্ষার্থী। বিজ্ঞান বিভাগে পাসের হার ৯৯.৮৩%, জিপিএ-৫ অর্জন করেছেন ২৮৩ জন। ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৯৯.৬২%, জিপিএ-৫ অর্জন করেছেন ১২ জন। মানবিক বিভাগে পাসের হার ১০০%, জিপিএ-৫ পেয়েছেন ১৭ জন শিক্ষার্থী।
ধারাবাহিকভাবে এইচএসসিতে অভাবনীয় সাফল্যে আনন্দ-উল্লাসে মেতে ওঠে মাইলস্টোন কলেজের ক্যাম্পাস। ফল প্রকাশের পরপরই কৃতী শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকগণ ক্যাম্পাসে জড়ো হয়ে আনন্দ ভাগাভাগি করে নেন। বাদ্যযন্ত্র বাজিয়ে আনন্দ উদযাপনের পাশাপাশি একে অপরকে মিষ্টিমুখ করান। কলেজের নিয়মিত সাফল্য অর্জন নিয়ে অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম বলেন, একবার ভালো ফলাফল করা চমক হতে পারে কিন্তু বছরের পর বছর নিয়মিতভাবে সেই ভালো ফলাফলের ধারা বজায় রাখা এবং সাফল্যের গ্রাফকে ঊর্ধ্বমুখী রাখা একটি চ্যালেঞ্জ। নিয়মানুবর্তিতা এবং সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমেই সেই কাজটিই সুনিপুণভাবে করছে মাইলস্টোন কলেজ।