ক্যাডেট কলেজগুলোর ঈর্ষণীয় ফলাফল অর্জন

আপডেট : ০১ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ এএম

২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় বাংলাদেশের ক্যাডেট কলেজসমূহ ঈর্ষণীয় ফলাফল অর্জন করেছে। এবারের পরীক্ষায় ১২টি ক্যাডেট কলেজ হতে সর্বমোট ৫৬৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৩৬ জন জিপিএ-৫ পেয়েছে, পাসের হার শতভাগ এবং জিপিএ-৫ প্রাপ্তির হার ৯৪.২০%।

আইএসপিআর জানায়, ক্যাডেট কলেজসমূহ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল ও সভাপতি, ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠান। শুধু ভালো ফল অর্জনই নয়, বরং চৌকস ও সুনাগরিক হিসেবে ক্যাডেটদের গড়ে তোলাই ক্যাডেট কলেজগুলোর লক্ষ্য। এ জন্য ক্যাডেটদের দৈনন্দিন কার্যক্রমে লেখাপড়ার পাশাপাশি চরিত্র গঠন ও সহ-শিক্ষা কার্যক্রমকে সমান গুরুত্ব দেওয়া হয়। ভবিষ্যতে ক্যাডেটরা যেন আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে সম্মানজনক অবস্থানে পৌঁছাতে পারে সে লক্ষ্যে এই প্রতিষ্ঠানসমূহে প্রতিনিয়ত যুগোপযোগী শিক্ষা ও সহ-শিক্ষা কার্যক্রম সংযুক্ত হচ্ছে।

ক্যাডেট কলেজসমূহের ক্যাডেটদের ধারাবাহিক সফলতা অর্জনের পেছনে রয়েছে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ সুশৃঙ্খল পরিবেশ, অভিজ্ঞ অনুষদ সদস্যদের সর্বক্ষণিক পরিচর্যা ও তদারকি, ক্যাডেটদের অধ্যবসায়, নিয়মিত লেখাপড়া এবং আন্তরিক প্রচেষ্টা। এ ছাড়াও ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদের সুষ্ঠুু দিকনির্দেশনা, ক্যাডেট কলেজসমূহের অভিজ্ঞ ও যোগ্যতাসম্পন্ন অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা এবং প্রতিষ্ঠানে কর্মরত সব পর্যায়ের ব্যক্তিদের ঐকান্তিক প্রচেষ্টা ও সম্মানিত অভিভাবদের সহযোগিতায় এই সাফল্যজনক ফলাফল অর্জন সম্ভব হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত