ঢাকা কলেজে বেড়েছে পাসের হার

আপডেট : ০১ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ এএম

এইচএসসি পরীক্ষায় ঢাকা কলেজে এবার পাসের হার ৯৯.৩৮ শতাংশ। প্রতিষ্ঠানটিতে ১ হাজার ১৪৩ পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৬৮৮ জন। অকৃতকার্য হয়েছেন মাত্র সাতজন। ফল অনুযায়ী, গত বছরের তুলনায় প্রতিষ্ঠানটিতে পাসের হার বাড়লেও কমেছে জিপিএ-৫ এর সংখ্যা। ঢাকা কলেজে এবার বিজ্ঞান বিভাগ থেকে ৮৫৪ পাস করেছেন, জিপিএ-৫ পেয়েছেন ৬৪১ শিক্ষার্থী। মানবিক থেকে পাস করেছেন ১৪৬ জন, জিপিএ-৫ পেয়েছেন ১২ জন। অন্যদিকে ব্যবসায় শিক্ষা বিভাগে পাস করেছেন ১২৯ জন, জিপিএ-৫ পেয়েছেন ৩৫ জন।

এর আগে ২০২৫ সালে ঢাকা কলেজে এক হাজার ১৪২ পরীক্ষার্থীর মধ্যে এক হাজার ১২৭ জন পাস করেছিল। পাসের হার ছিল ৯৮ দশমিক ৭৭ শতাংশ। চলতি বছর তা বেড়ে দাঁড়িয়েছে ৯৯ দশমিক ৩৮ শতাংশে। তবে গতবার ৮৫৭ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলেন। এবার পাসের হার বেড়েছে শূন্য দশমিক ৬১ শতাংশ। তবে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে প্রায় ২০ শতাংশ, যা সংখ্যায় ১৬৯ জন।

শিক্ষার্থী নাজমুস সালেকিন রাইয়ান বলেন, বিগত বছরের তুলনায় এবারের এইচএসসি পরীক্ষা অনেক কঠিন ছিল। আগের বছরগুলোতে পরীক্ষাকেন্দ্রে যেভাবে নজরদারি করা হতো, এবার তার তুলনায় অনেক বেশি কঠোর নজরদারি ছিল। সব মিলিয়ে আমরা বেশ কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে পরীক্ষায় অংশ নিয়েছিলাম। কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আনোয়ার মাহমুদ বলেন, গতবারের তুলনায় পাসের হার বেড়েছে। সারা দেশে জিপিএ-৫ অর্ধেকের নিচে নেমে এসেছে। পাসের হারও অর্ধেক ৫২ শতাংশ।

সর্বশেষ সর্বাধিক পঠিত