নিজের ব্যানার-ফেস্টুন সরালেন মেয়র প্রার্থী উজ্জল

আপডেট : ০১ নভেম্বর ২০২৬, ০৯:২৩ এএম

সামাজিক যোগাযোগমাধ্যমে শহরের সৌন্দর্য রক্ষায় রাস্তার ডিভাইডার ও ল্যাম্পপোস্ট থেকে ব্যানার-ফেস্টুন অপসারণের দাবি জানিয়ে পোস্ট দেওয়ার পর নিজের প্রচারসামগ্রী নিজেই সরিয়ে নিয়েছেন জয়পুরহাট শহর বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র প্রার্থী আবু রায়হান উজ্জল প্রধান।

শনিবার (৩১ অক্টোবর) রাতে কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে শহরের প্রধান সড়কের ডিভাইডারে স্থাপিত ল্যাম্পপোস্টে লাগানো নিজের প্রচারমূলক ব্যানার-ফেস্টুন অপসারণ করেন তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে জয়পুরহাট শহরের বিভিন্ন সড়ক, মোড় ও ল্যাম্পপোস্টে ব্যানার-ফেস্টুন লাগানোর কারণে সৌন্দর্য নষ্ট হওয়ার বিষয়ে একটি পোস্ট দেওয়া হয়। বিষয়টি উজ্জল প্রধানের নজরে এলে তিনি গুরুত্ব দিয়ে নিজের প্রচারসামগ্রী সরিয়ে নেওয়ার উদ্যোগ নেন।

স্থানীয় বাসিন্দারা তার এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, রাজনৈতিক প্রচারণার অংশ হিসেবে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও ডিভাইডারের বৈদ্যুতিক খুঁটিতে যত্রতত্র ব্যানার-ফেস্টুন লাগানোর কারণে শহরের স্বাভাবিক সৌন্দর্য ব্যাহত হয়। এ অবস্থায় একজন রাজনৈতিক নেতার নিজের প্রচারসামগ্রী নিজেই সরিয়ে নেওয়ার উদ্যোগ অন্যদের জন্য দৃষ্টান্ত হতে পারে।

এ বিষয়ে আবু রায়হান উজ্জল প্রধান বলেন, জয়পুরহাট শহর আমাদের সবার। এই শহরের সৌন্দর্য রক্ষা ও পরিচ্ছন্ন রাখা আমাদের প্রত্যেকের দায়িত্ব। সামাজিক যোগাযোগমাধ্যমে শহরের সৌন্দর্য নষ্ট হওয়া নিয়ে একটি পোস্ট আমার নজরে আসে। বিষয়টি আমার কাছে যৌক্তিক মনে হয়েছে। তাই নিজের ব্যানার-ফেস্টুন নিজেই অপসারণের উদ্যোগ নিয়েছি। শুধু অন্যদের কাছে পরিচ্ছন্ন শহরের প্রত্যাশা করলেই হবে না, নিজের জায়গা থেকেও দায়িত্ব পালন করতে হবে।

তিনি আরও বলেন, রাজনৈতিক প্রচারণা করতে গিয়ে যেন সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি না হয় এবং শহরের সৌন্দর্য নষ্ট না হয়, সেদিকে সবার খেয়াল রাখা উচিত। ব্যক্তিগত ও রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে উঠে সবারই জয়পুরহাট শহরকে সুন্দর, পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে কাজ করা প্রয়োজন।

শহরের সৌন্দর্য রক্ষায় তার এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পৌরবাসী। তাদের প্রত্যাশা, সব রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। এতে জয়পুরহাট শহর আরও পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন হয়ে উঠবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত