কালিয়াকৈরে শ্রমিক ও পুলিশ সংঘর্ষে উত্তাল ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক

 বিক্ষুব্ধ শ্রমিকরা নানা শ্লোগানে এসব এলাকায় মহাসড়কটি অবরোধ রেখে লাঠিসোটা হাতে বিক্ষোভ মিছিল করে। পল্লীবিদ্যুৎ এলাকায় মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করে রাখে।

আপডেট : ০১ নভেম্বর ২০২৬, ০১:১১ পিএম

গাজীপুরের কালিয়াকৈরে রবিবার (১ নভেম্বর) সকাল থেকে ফের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে বিক্ষোভ শুরু করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। তারা আগুন জ্বালিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে ব্যাংক, যানবাহন ও দোকানপাট ভাংচুর করে। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে আছে। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।

এলাকাবাসী, শ্রমিক ও পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার রাত সাড়ে ৮টা পর্যন্ত কালিয়াকৈর উপজেলার পল্লী বিদ্যুৎ ও সফিপুর আনসার একাডেমির ৩ নম্বর ফটক এলাকায় মহাসড়ক অবরোধ করে রাখেন শ্রমিকরা। পরে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ ও লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে। প্রায় ৬ ঘণ্টা পর ওই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। 

আজ রবিবার সকালে বাড়ি থেকে কর্মস্থলের উদ্দেশ্য বের হন শ্রমিকরা। কিন্তু কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকায় পোশাক কারখানার শ্রমিকরা তাদের কর্মস্থলে না গিয়ে আন্দোলনে অংশগ্রহণ করে। তারা সকাল ৮টার দিকে নূন্যতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রতনপুর এলাকার করনী নিট কম্পোজিট, নিট এশিয়াসহ আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবস্থান করে।

পরে উপজেলার তেলিচালা, মৌচাক, সফিপুর বাজার, পল্লীবিদ্যুৎ এলাকায় শ্রমিকরা বিক্ষোভ মিছিল শুরু করে। বিক্ষুব্ধ শ্রমিকরা নানা শ্লোগানে এসব এলাকায় মহাসড়কটি অবরোধ রেখে লাঠিসোটা হাতে বিক্ষোভ মিছিল করে। পল্লীবিদ্যুৎ এলাকায় মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করে রাখে। এসময় তারা পাশের যমুনা ব্যাংকের একটি শাখা, বুথ, দোকানপাটসহ বিভিন্ন যানবাহন ভাংচুর চালায়। 

এ ঘটনায় শ্রমিক ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। শ্রমিকদের আন্দোলনের কারণে আশপাশের বিভিন্ন কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। এ ঘটনায় উত্তাল ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে চরম দুর্ভোগে পড়েন এ পথে চলাচলকারী পরিবহন শ্রমিক ও যাত্রীরা। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পাঁচ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, আজ সকাল থেকেই শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়েছেন। এ কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। তবে পরিস্থিতি বিবেচনায় গাজীপুরে পাঁচ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত