বাংলাদেশকে চোখ রাঙাচ্ছে বাভুমাদের ‘সেরা টেস্ট জয়’

আপডেট : ০১ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পিএম

ডারবানের প্রথম টেস্টে ২১৪ রানের বড় হারের পর ব্যাকফুটে চলে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। প্রায় এক বছর পর টেস্ট সংস্করণে ফিরে খানিকটা মরচে ধরা পারফরম্যান্সে অনেকেই ভেবেছিলেন সিরিজের ট্রফি হয়তো অস্ট্রেলিয়ার হাতেই উঠছে। কিন্তু কেপটাউনের নিউল্যান্ডসে (তৃতীয় ও সিরিজের শেষ টেস্ট) চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে ৪০ রানে ৪ উইকেট হারানোর পরও যেভাবে ম্যাচের পাশা উল্টে দিল প্রোটিয়ারা, তা যেন এটারই প্রমাণ দেয় তারা কেন এই ফরম্যাটের বিশ্বচ্যাম্পিয়ন। 

রায়ান রিকেলটন ও উইয়ান মুল্ডারের সেঞ্চুরির ওপর ভর করে ২৮৮ রানের লক্ষ্য দেওয়ার পর কাগিসো রাবাদার আগুনে পেস এবং সাইমন হারমারের ক্যারিয়ারসেরা বোলিংয়ে (৬/১৬) মাত্র ১১১ রানে গুটিয়ে যায় অজিরা। ১৭৬ রানের এই বড় জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি অস্ট্রেলিয়াকে হটিয়ে আইসিসি টেস্ট র‌্যাঙ্কিয়ের শীর্ষস্থান দখল করেছে স্বাগতিকরা।

অধিনায়ক হিসেবে এর আগে দেশকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতিয়েছেন টেম্বা বাভুমা। তবে সেটিকে ছাপিয়েও গতকাল অজিদের বিপক্ষে এই ঐতিহাসিক জয়কে নিজের ক্যারিয়ারের ‘সেরা টেস্ট জয়’ হিসেবে আখ্যা দিয়েছেন। 

চরম অনিশ্চয়তা থেকে যেভাবে তার দল ঘুরে দাঁড়িয়ে লড়াই করেছে, সেই হার না মানা মানসিকতার প্রশংসা করে বাভুমা জানান, পেছনে পড়ে গেলে ঘুরে দাঁড়ানোর এই বিশেষ গুণই দক্ষিণ আফ্রিকান ক্রিকেটের আসল শক্তি। ম্যাচটি শেষে প্রেজেন্টেশন সেশনে তিনি বলেন, ‘আমার মনে হয় দক্ষিণ আফ্রিকান সংস্কৃতির যে মূল বৈশিষ্ট্য, সেই ঘুরে দাঁড়ানোর মানসিকতা, তা এই ম্যাচে পুরো মাত্রায় বের হয়ে এসেছে। খেলা থেকে পিছিয়ে পড়লে আমরা বোধহয় একটু বেশি ভালো খেলি। প্রতিটি মুহূর্তই উপভোগ করার মতো ছিল এবং নিঃসন্দেহে এটা আমার ক্যারিয়ারের এক নম্বর টেস্ট জয়।’ 

এই জয় দিয়ে কেবল বিশ্ব টেস্ট র‌্যাঙ্কিংয়ে এক নম্বর চূড়ায় ওঠাই নয়, ক্রিকেট বিশ্বকে নিজেদের শক্তিমত্তার নতুন বার্তা দিল দক্ষিণ আফ্রিকা। অধিনায়কত্বের সেরা অধ্যায় কাটানো বাভুমা স্পষ্ট করে দিয়েছেন, প্রোটিয়া ব্যাজকে আরও উঁচুতে রেখে যাওয়াই তাদের মূল লক্ষ্য। 

র‌্যাঙ্কিংয়ের চূড়ায় ওঠার অর্জন উদযাপন প্রসঙ্গে বাভুমা আরও যোগ করেন, ‘বিশ্বের এক নম্বর টেস্ট দল হওয়াটা আমাদের জন্য এক অসাধারণ অনুভূতি। একটা দল হিসেবে সব সময়ই এটি আমাদের বড় একটি লক্ষ্য ছিল। আমরা আমাদের মানকে যতটা সম্ভব উঁচুতে নিয়ে যাওয়ার চেষ্টা করছি।’ 

অস্ট্রেলিয়ার বিপক্ষে রোমাঞ্চকর টেস্ট সিরিজ জয়ের এই বিশাল আত্মবিশ্বাস ও এক নম্বর টেস্ট দলের তকমা নিয়েই এবার বাংলাদেশের মুখোমুখি হতে যাচ্ছে তারা। আগামী ১৫ নভেম্বর জোহানেসবার্গে শুরু হবে দুই দলের মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। এরপর ২৩ নভেম্বর সেঞ্চুরিয়ানে দ্বিতীয় ও শেষ টেস্টে লড়বে দুই দল। 

সর্বশেষ সর্বাধিক পঠিত