তরুণ উদ্যোক্তাদের অর্থায়নে আবেদন শুরু ৫৬ জেলায়

আপডেট : ০১ নভেম্বর ২০২৬, ০৮:১৩ পিএম

দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ‘উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি—উদ্যোগ’ চালু করেছে বাংলাদেশ ব্যাংক। এ কর্মসূচির আওতায় প্রথম পর্যায়ে আট জেলার আবেদন নেওয়ার পর গতকাল রোববার থেকে দেশের অবশিষ্ট ৫৬ জেলার তরুণ উদ্যোক্তাদের আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহীরা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

এই কর্মসূচির আওতায় একজন তরুণ উদ্যোক্তাকে সর্বোচ্চ ২০ লাখ টাকা অর্থায়ন করা হবে। এর মধ্যে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ এবং ঋণের সমপরিমাণ সর্বোচ্চ ১০ লাখ টাকা এককালীন অনুদান দেওয়া হবে। ঋণ ও অনুদানের অর্থ একই সঙ্গে এককালীন দেওয়া হবে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, কর্মসূচির প্রাথমিক পর্যায়ে আট জেলার ৬৪টি উপজেলা থেকে মোট ১৮ হাজার ৪৪৪টি আবেদন জমা পড়েছে। জেলাগুলো হলো মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোনা। এসব জেলার আবেদন যাচাই-বাছাইয়ের কাজ চলছে। এরই ধারাবাহিকতায় রোববার থেকে অবশিষ্ট ৫৬ জেলার সব উপজেলায় আবেদন গ্রহণ শুরু হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, “তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং তাদের সম্ভাবনাকে কাজে লাগাতে বাংলাদেশ ব্যাংক এ উদ্যোগ নিয়েছে। উপজেলা পর্যায়ে ছড়িয়ে থাকা সম্ভাবনাময় তরুণদের চিহ্নিত করে অর্থায়নের আওতায় আনাই এ কর্মসূচির মূল লক্ষ্য।”

তিনি বলেন, কর্মসূচির মাধ্যমে নতুন উদ্যোক্তা তৈরি, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং স্থানীয় পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ানোর সুযোগ তৈরি হবে। তবে অর্থায়নের ক্ষেত্রে নির্ধারিত নীতিমালা অনুযায়ী আবেদন যাচাই-বাছাই করে যোগ্য উদ্যোক্তাদের নির্বাচন করা হবে।

আবেদন করবেন যেভাবে

আগ্রহী তরুণ উদ্যোক্তাদের ১ থেকে ৩০ নভেম্বরের মধ্যে নির্ধারিত আবেদন ফরম পূরণ করে সংশ্লিষ্ট উপজেলার যেকোনো তপশিলি ব্যাংকের শাখায় জমা দিতে হবে। আবেদন ফরম বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, এসএমই পোর্টাল এবং তপশিলি ব্যাংকগুলোর নিজস্ব ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে।

গত ১৩ সেপ্টেম্বর উপজেলা পর্যায়ে তরুণ উদ্যোক্তাদের অর্থায়নের জন্য ‘উদ্যোগ’ কর্মসূচির নীতিমালা জারি করে বাংলাদেশ ব্যাংক। এর মাধ্যমে দেশের প্রান্তিক ও উপজেলা পর্যায়ে থাকা সম্ভাবনাময় তরুণদের ব্যবসায়িক উদ্যোগ চিহ্নিত করে আর্থিক সহায়তা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত