চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ ইউএসএস ওয়ারিয়র। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর মধ্যে যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’-এ অংশ নিতে জাহাজটি এসেছে।
রোববার (১ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে ইউএসএস ওয়ারিয়র চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) জেটিতে ভেড়ার প্রস্তুতি নেয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সোমবার (২ নভেম্বর) চট্টগ্রামের স্কুল অব মেরিটাইমে শুরু হবে মহড়া। আগামী ৫ নভেম্বর পর্যন্ত চলবে এ প্রশিক্ষণ কার্যক্রম।
৬৮ মিটার দীর্ঘ মার্কিন যুদ্ধজাহাজটির নেতৃত্বে রয়েছেন লেফটেন্যান্ট কমান্ডার মেরি সেনোনাইটেড। তার নেতৃত্বে একটি প্রতিনিধিদল চট্টগ্রামে এসেছে। জাহাজটি বন্দরে পৌঁছালে বাংলাদেশ নৌবাহিনীর চট্টগ্রাম নৌ অঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রতিনিধিদলকে স্বাগত জানান। এর আগে বন্দরের প্রবেশমুখে সামরিক রীতি অনুযায়ী বাদ্যযন্ত্র পরিবেশনের মাধ্যমে জাহাজটিকে অভ্যর্থনা জানানো হয়।
যৌথ এ মহড়ার মূল লক্ষ্য সমুদ্র নিরাপত্তা নিশ্চিত করা এবং যৌথ অভিযান পরিচালনায় দুই দেশের নৌসদস্যদের সক্ষমতা বাড়ানো। এতে পেশাগত জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি সমুদ্রপথের নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হবে।
সংশ্লিষ্টরা জানান, এ ধরনের যৌথ প্রশিক্ষণ মহড়া বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর মধ্যে পারস্পরিক আস্থা, সমন্বয় ও সহযোগিতা জোরদারে ভূমিকা রাখবে। পাশাপাশি সমুদ্রপথের নিরাপত্তা নিশ্চিত করা এবং নৌসদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতেও সহায়ক হবে। মহড়া শেষে আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর যুদ্ধজাহাজটির বাংলাদেশ ত্যাগ করার কথা রয়েছে।