ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে অনিয়ম, ভোট কারচুপি ও হামলার অভিযোগ তুলে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা মহানগর জামায়াতে ইসলামী। সমাবেশে দলটির নায়েবে আমির ও সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া দেশে কোনো নির্বাচনই সুষ্ঠু হবে না।
গতকাল রবিবার রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপনির্বাচনে জামায়াতের প্রার্থীর পোলিং এজেন্ট ও কর্মীদের ওপর হামলা এবং বাড়িঘরে ভাঙচুরের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।
ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি, অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, মাহফুজুর রহমান, সৈয়দ জয়নুল আবেদীন এমপি ও মাওলানা ইয়াসিন আরাফাত। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করেন নেতাকর্মীরা। মিছিলটি বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হয়ে পল্টন ও বিজয়নগর এলাকা প্রদক্ষিণ করে।
প্রধান অতিথির বক্তব্যে এ টি এম আজহারুল ইসলাম বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ভোটকেন্দ্রের সামনে মাইকিংয়ের মাধ্যমে ধানের শীষের পক্ষে প্রচারণা চালানো হলেও নির্বাচন কমিশন কার্যকর ব্যবস্থা নেয়নি। ভোটের দিন কেন্দ্রের সামনে মাইকিং করে ভোট চাওয়ার নজির বিএনপিই তৈরি করেছে।