মুন্সীগঞ্জের সিরাজদীখানে বালুভর্তি ড্রাম ট্রাকচাপায় নেকবর আলী সরকার নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (২ নভেম্বর) ভোরে উপজেলার গয়াতলা মোড়ে ইছাপুরা-বালুচর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নেকবর আলী সরকার (৭০) উপজেলার লতব্দী ইউনিয়নের রামানন্দ গ্রামের প্রয়াত আব্দুল আজিজ সরকারের ছেলে।
স্থানীয়দের বরাতে সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানান, ভোর সাড়ে ৫টার দিকে এলাকার মসজিদে ফজরের নামাজ আদায় শেষে বাড়ি ফিরছিলেন বৃদ্ধ নেকবর। পথে সিরাজদীখান থেকে বালুচরগামী নম্বরবিহীন একটি বালুভর্তি ড্রামট্রাক তাকে চাপা দেয়। এতে তার দুই পা হাঁটুর নিচ থেকে থেঁতলে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজদীখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।