ঢাকায় কোম্পানিভিত্তিক বাস চলাচল শুরু ৬ রুটে

আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ০৭:৩২ এএম

রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে বাস রুট র‌্যাশনালাইজেশন কার্যক্রমের আওতায় ৬টি রুটে কোম্পানিভিত্তিক বাস চলাচল শুরু হয়েছে। গতকাল রবিবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। পাবনা-৫ আসনের সংসদ সদস্য ও পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

নতুন এ ব্যবস্থায় ৬টি রুটে ৬টি কোম্পানির অধীনে বাস পরিচালিত হবে। তবে নতুন বাস নামানোর পরিবর্তে আগে থেকে চলাচল করা পুরনো বাস রঙ করে নির্ধারিত কোম্পানির অধীনে পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) এ কার্যক্রম বাস্তবায়ন করছে।

উদ্বোধনী অনুষ্ঠানে শিমুল বিশ্বাস বলেন, রাজধানীর যানজট ও পরিবহন খাতের বিশৃঙ্খলা দূর করতে মালিক, শ্রমিক, পুলিশ ও গণমাধ্যমের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিটিসিএর নির্বাহী পরিচালক (সচিব) মোহাম্মদ মসিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল আলম বলেন, নতুন ব্যবস্থায় যাত্রীদের নির্ধারিত স্টপেজ থেকে বাসে ওঠানামা করতে হবে। এ জন্য যাত্রী ও পরিবহনশ্রমিকদের সহযোগিতা প্রয়োজন।

ডিটিসিএর পরিকল্পনা অনুযায়ী, ৬টি রুটের মধ্যে রয়েছে গাজীপুরের শিববাড়ী থেকে ঢাকেশ্বরী মন্দির, মিরপুর চিড়িয়াখানা থেকে কেরানীগঞ্জ, ঘাটারচর থেকে ডেমরা, কাঁচপুর ও উত্তরা এবং টঙ্গী থেকে ঢাকেশ্বরী মন্দির।

সর্বশেষ সর্বাধিক পঠিত