রিহ্যাবের সব কার্যক্রম চলতে বাধা নেই : হাইকোর্ট

আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ এএম

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) কার্যক্রম সীমিত রাখার বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের জারি করা নির্দেশনার কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। গত ১৭ অক্টোবর মন্ত্রণালয়ের জারি করা ওই নির্দেশনার কার্যকারিতা স্থগিত করে গত ১ নভেম্বর এ আদেশ দেয় আদালত। এর ফলে রিহ্যাবের বোর্ড সভা, বার্ষিক সাধারণ সভা (এজিএম), মেলাসহ অন্যান্য সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় আপাতত আর বাধা থাকছে না।

রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাকের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। রিট পিটিশন নম্বর ১০৪৩৬/২০২৬। আইনজীবী কামরুল বিন আজাদের ১ নভেম্বরের দেওয়া সনদপত্রে এ তথ্য জানানো হয়েছে।

সনদপত্রে বলা হয় গত ১৭ অক্টোবর বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-২ শাখা থেকে জারি করা এক চিঠিতে রিহ্যাবের রুটিন কার্যক্রম ছাড়া অন্য কোনো ধরনের সভা ও কার্যক্রম পরিচালনায় বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। এর ফলে সংগঠনটির বোর্ড সভা, এজিএম, মেলাসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা বাধাগ্রস্ত হচ্ছিল। মন্ত্রণালয়ের ওই নির্দেশনার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক। গত ১ নভেম্বর উভয় পক্ষের শুনানি শেষে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বাণিজ্য মন্ত্রণালয়ের ১৭ অক্টোবরের চিঠির কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত রাখার আদেশ দেয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত