দীর্ঘদিন ধরে অনিয়ন্ত্রিতভাবে চলাচল করা ব্যাটারিচালিত অটোরিকশাকে নিবন্ধনের আওতায় আনছে সরকার। আজ সোমবার থেকে দেশের ১৩টি সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশার (ই-রিকশা) নিবন্ধন কার্যক্রম শুরু হচ্ছে। প্রথমে যানবাহনের নিবন্ধন দেওয়া হবে। পরে পর্যায়ক্রমে চালকদের ড্রাইভিং লাইসেন্সের আওতায় আনা হবে। একজন জাতীয় পরিচয়পত্রধারী সর্বোচ্চ পাঁচটি ই-রিকশা নিবন্ধন করতে পারবেন। তবে নিবন্ধন কার্যক্রম কত দিনের মধ্যে শেষ হবে, সে বিষয়ে নির্দিষ্ট সময়সীমা জানায়নি সরকার।
রবিবার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, গত ১৫ থেকে ৩০ বছর ধরে দেশের বিভিন্ন শহরে ব্যাটারিচালিত রিকশা কোনো ব্যবস্থাপনা ছাড়াই চলাচল করছে। এখন আইন ও বিধিমালার মাধ্যমে এসব যানবাহন নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে সব ই-রিকশাকে আইনি কাঠামোর আওতায় আনা হবে।
অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করে রিকশার ব্যাটারি চার্জ দেওয়ার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, নির্ধারিত চার্জিং স্টেশন থেকেই ব্যাটারি চার্জ করতে হবে। নির্দিষ্ট স্থানে চার্জিং স্টেশন স্থাপনের অনুমোদন দেওয়া হবে। সৌরবিদ্যুৎ ব্যবহার করে রিকশা চার্জের ব্যবস্থা করতে সক্ষম প্রতিষ্ঠানকে অগ্রাধিকার দেওয়া হবে। সিটি করপোরেশনের ম্যাজিস্ট্রেটরা এসব কার্যক্রম নিয়মিত তদারক করবেন।
এদিকে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নামে ৭০০ ই-রিকশা আছে দাবির বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, একজনের নামে সর্বোচ্চ পাঁচটি নিবন্ধন নেওয়া যাবে।