রাঙামাটিতে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবসে দুই নারী দলকে সম্মাননা 

আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ০১:২৯ পিএম

জলবায়ু অভিঘাত মোকাবিলা করে গ্রামীণ নারীর ক্ষমতায়ন ও সমৃদ্ধির প্রত্যয়ে রাঙামাটিতে পালিত হয়েছে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস। সোমবার (২ নভেম্বর) আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটসের আয়োজনে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় দিবসটি উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারের দিবসের প্রতিপাদ্য ছিল ‘জলবায়ু অভিঘাত পেরিয়ে গ্রামীণ নারী ক্ষমতায়ন ও সমৃদ্ধির পথে’।

কমিউনিটিভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি (সিআরইএ) প্রকল্পের আওতায় এটি বাস্তবায়ন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য তিমতি খিয়াং। বিশেষ অতিথি ছিলেন মানুষের জন্য ফাউন্ডেশনের প্রোগ্রাম ডিরেক্টর বনশ্রী মিত্র নিয়োগী, সিআরইএ প্রকল্পের প্রোগ্রাম ডিরেক্টর সোমা দত্ত, জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য ও শিক্ষাবিদ নিরূপা দোওয়ান এবং আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটসের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর কক্সি তালুকদার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটসের নির্বাহী পরিচালক বিপ্লব চাকমা। সঞ্চালনা করেন প্রতিষ্ঠানটির সেফগার্ডিং অ্যান্ড পাবলিক রিলেশন ম্যানেজার ঝুমালিয়া চাকমা।

অনুষ্ঠানে গ্রামীণ নারীদের অভিজ্ঞতা, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং তা মোকাবিলায় তাদের বিভিন্ন উদ্যোগের কথা শোনেন অতিথিরা। এ সময় নারীরা নিজেদের জীবন-জীবিকা, সংগ্রাম ও সাফল্যের অভিজ্ঞতা তুলে ধরেন। পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে অবদান ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ সেরা দুই নারী দলকে সম্মাননা প্রদান করা হয়।

আলোচনায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে গ্রামীণ নারীরা নানা ধরনের ঝুঁকি ও চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন। বিশেষ করে পার্বত্য অঞ্চলের নারীদের জীবন-জীবিকা, কৃষি ও অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রভাব পড়ছে। তাই নারীদের সক্ষমতা বৃদ্ধি, অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন এবং নেতৃত্বের বিকাশে সম্মিলিত উদ্যোগ গ্রহণ জরুরি।

বক্তারা আরও বলেন, গ্রামীণ নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা গেলে পরিবার, সমাজ ও দেশের সামগ্রিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।

 

 

 

সর্বশেষ সর্বাধিক পঠিত