১০ লাখ শিক্ষার্থীকে মূলধারায় ফেরাতে মাইক্রো-ক্রেডেনশিয়াল কোর্সের পরিকল্পনা

আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ০৩:১১ পিএম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন অনার্স ও ডিগ্রি (পাস) কোর্সে এবার কয়েক লাখ আসন ফাঁকা থাকতে পারে। উচ্চ মাধ্যমিক পর্যায় পেরিয়ে উচ্চশিক্ষায় ভর্তি হতে না পারা বিপুলসংখ্যক শিক্ষার্থীর ভবিষ্যৎ নিয়েও নতুন করে ভাবছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এসব শিক্ষার্থীকে সমাজের মূলধারায় ফিরিয়ে আনতে দক্ষতাভিত্তিক মাইক্রো-ক্রেডেনশিয়াল কোর্স চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ দেশ রূপান্তরকে বলেন, উচ্চ মাধ্যমিক পর্যায়ে হারিয়ে যাওয়া প্রায় ১০ লাখ শিক্ষার্থীকে দক্ষতাভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে কর্মমুখী করে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। এ লক্ষ্যে দেশি-বিদেশি কয়েকটি বিশ্ববিদ্যালয় ও সংস্থার সঙ্গে কাজ শুরু করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এসব প্রতিষ্ঠান ও সংস্থার অভিজ্ঞতা কাজে লাগিয়ে কোর্স চালুর পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স এবং পাস কোর্সে কয়েক লক্ষ আসন ফাঁকা থাকবে এই বাস্তবতা মেনে নিয়েই আমাদেরকে এবার এগিয়ে যেতে হবে। তবে, আমি নিশ্চিত এই বিশেষ অবস্থার উত্তরণ ঘটবে পরবর্তীতে।’

অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ আরও বলেন, ‘উচ্চ মাধ্যমিক পর্যায়ের হারিয়ে যাওয়া প্রায় ১০ লক্ষ শিক্ষার্থীদের বিষয়ে কী করা যায় সেটি নিয়ে ভাবছি আমরা। দক্ষতা-ভিত্তিক কিছু কিছু মাইক্রো-ক্রেডেনশিয়াল কোর্স করিয়ে এই ঝরে পড়া শিক্ষার্থীদেরকে সমাজের মূলস্রোতে ফিরিয়ে আনতে হবে। সেই লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কাজ শুরু করেছে দেশি-বিদেশি কিছু বিশ্ববিদ্যালয় এবং সংস্থার সঙ্গে। তাদের অভিজ্ঞতা আমরা কাজে লাগানোর চেষ্টা করছি।’

উপাচার্যের বক্তব্য অনুযায়ী, প্রচলিত উচ্চশিক্ষার বাইরে থাকা শিক্ষার্থীদের জন্য বিকল্প দক্ষতাভিত্তিক শিক্ষার সুযোগ তৈরি করাই এ উদ্যোগের লক্ষ্য। এর মাধ্যমে ঝরে পড়া শিক্ষার্থীদের দক্ষতা অর্জন এবং সমাজের মূলধারায় সম্পৃক্ত করার পথ তৈরি করতে চায় জাতীয় বিশ্ববিদ্যালয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত