আমুসহ ৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ

আপডেট : ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৫০ এএম

গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের সমন্বয়ক আমির হোসেন আমুসহ সাতজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করা হয়েছে। গতকাল সোমবার ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামিম সাংবাদিকদের এ তথ্য জানান।

সাত আসামি হলেন সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও সাবেক মন্ত্রী শাজাহান খান, ড. আব্দুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ, জ¦ালানি ও খনিজ সম্পদবিষয়ক সাবেক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী। এদের মধ্যে মির্জা আজম ছাড়া অপর ছয় জন গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।

গত ২৬ অক্টোবর চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছিলেন, তদন্ত সংস্থা প্রসিকিউশনে এই সাতজনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেছে। শিগগিরই তা ট্রাইব্যুনালে দাখিল করা হবে। এর ধারাবাহিকতায় আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হলো।

গতকাল অ্যাডভোকেট তামিম বলেন, জুলাই গণঅভ্যুত্থান চলাকালে তৎকালীন সরকার (আওয়ামী লীগ) রাষ্ট্রীয় পলিসি হিসেবে এবং আওয়ামী লীগ ও ১৪ দলীয় জোট রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে আন্দোলন দমনের চেষ্টা করেছিল। এই আসামিরা সরকারের প্রভাবশালী ব্যক্তি এবং নীতিনির্ধারক হিসেবে ওই আন্দোলন দমনে অংশগ্রহণ, সহায়তা ও পরামর্শ করেছেন, যার ফলে জুলাই গণঅভ্যুত্থানে ১৪০০ আন্দোলনকারী নিহত হয়েছেন, ২৫ হাজার আহত হয়েছেন। তিনি বলেন, আমরা মামলার সাক্ষ্য হিসেবে এই আসামিদের সঙ্গে শেখ হাসিনার কথোপকথনের রেকর্ড ও জাতিসংঘের প্রতিবেদন জমা দিয়েছি।

সর্বশেষ সর্বাধিক পঠিত