মির্জা ফয়সল ও এলিজা জামানের শপথ আজ

আপডেট : ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৫১ এএম

ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে আজ মঙ্গলবার শপথ নিচ্ছেন ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন এবং সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এলিজা জামান। দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে তাদের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। গতকাল সোমবার সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন ধানের শীষ প্রতীকে ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন পান ৯৬ হাজার ৫১৩ ভোট।

গত ৩১ অক্টোবর মির্জা ফয়সল আমীনকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করে ইসি। ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তিনি রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ায় আসনটি শূন্য হয়। মির্জা ফয়সল আমীন তার ভাই।

অন্যদিকে এলিজা জামান সংরক্ষিত মহিলা আসন-২৩ (৩২৩ নম্বর আসন) থেকে নির্বাচিত হয়েছেন। সংরক্ষিত নারী আসন ২৩-এর উপনির্বাচনে বিএনপির প্রার্থী এলিজা জামান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। গতকাল তাকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে ইসি।

সর্বশেষ সর্বাধিক পঠিত