স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য হওয়া উচিত গবেষণা ও মুক্তবুদ্ধির চর্চা। তিনি আরও বলেন, গত ফ্যাসিবাদী শাসনামলে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় শিক্ষাব্যবস্থা ও সংস্কৃতিতে এমন প্রবণতা তৈরি করা হয়েছে, যা জাতিকে ধীরে ধীরে ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার প্রক্রিয়া হিসেবে কাজ করেছে। গতকাল সোমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় মিলনায়তনে বিশ^বিদ্যালয়টির ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো জাতিকে যদি ধ্বংস করে দেওয়া যায়, সেই জাতির শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করার মাধ্যমে সেটা শুরু হবে। যেটা ফ্যাসিবাদের সময় আমরা দেখেছি। এই জাতিতে কালচারাল ইন্ডাকশন হয়েছে, রিলিজিয়াস ইন্ডাকশন হয়েছে। শিক্ষাব্যবস্থার মধ্যে অপসংস্কৃতির শিক্ষাব্যবস্থা ঢুকিয়ে দেওয়া হয়েছে।
জবির উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন প্রমুখ।