পরিবেশ অধিদপ্তরের অভিযান ১০ কারখানার বিদ্যুৎ বিচ্ছিন্ন

আপডেট : ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ এএম

রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জের আগানগরে পরিবেশ দূষণকারী ১০ কারখানায় অভিযান চালিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল সোমবার পরিচালিত মোবাইল কোর্টে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের পাশাপাশি কারখানাগুলোর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তার।

বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকরণপূর্বক বন্ধ করা কারখানাগুলো হলো সঞ্জু ডাইং ও ওয়াশিং, সালমুন ওয়াশিং, সায়মা ওয়াশিং, রব ওয়াশিং, ইউনিক ওয়াশিং, নূর ডাইং-১, নুর ডাইং-২, নুর ডাইং-৩, বিসমিল্লাহ ওয়াশ এবং রীমা ওয়াশিং।

মোবাইল কোর্ট অভিযানে উপস্থিত থেকে সার্বিক দিক-নির্দেশনা প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের পরিচালক মো. মাহবুব জামিল। অভিযানে সৈয়দ আহম্মদ কবির, উপপরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং) ও মো. ইলিয়াস মাহমুদ, উপপরিচালক (ঢাকা জেলা কার্যালয়) উপস্থিত ছিলেন।

মোবাইল কোর্ট পরিচালনায় নৌবাহিনী, নৌ-পুলিশ, কোস্টগার্ড এবং কেরানীগঞ্জ থানা পুলিশ প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করেন। বর্তমান ও ভবিষ্যত নাগরিকদের জন্য দূষণমুক্ত ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতকরণে দূষণকারী শিল্প-প্রতিষ্ঠানের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট ও এনফোর্সমেন্ট কার্যক্রম অব্যাহত থাকবে। বিজ্ঞপ্তি

সর্বশেষ সর্বাধিক পঠিত