জিপিএ-৫ পেলেন জুড়ীর দৃষ্টিপ্রতিবন্ধী মৌমি

আপডেট : ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৫৬ এএম

নেই দৃষ্টিশক্তি, তবুও অদম্য ইচ্ছাশক্তি আর আত্মবিশ্বাসের কারণে সব প্রতিকূলতাকে জয় করে এবারের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী মৌলভীবাজারের জুড়ী উপজেলার জায়ফরনগর গ্রামের আব্দুল আহাদ ও আমিনা আক্তার পুষ্প দম্পতির কন্যা তাহমিনা আক্তার মৌমি। সিলেট সরকারি মদনমোহন কলেজের এই শিক্ষার্থী নিজের মেধা ও কঠোর অধ্যবসায়ের মাধ্যমে তিনি লাভ করেন ঈপ্সিত সাফল্য। এইচএসসি পরীক্ষায় মৌমির শ্রুতিলেখক (রাইটার) হিসেবে সহযোগিতা করেছে হাজী আব্দুস সাত্তার উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী পল্লব রায়।

মৌমি ছোটবেলা থেকেই সিলেটে দৃষ্টিপ্রতিবন্ধীদের আবাস ও শিক্ষা নিয়ে কাজ করা সংস্থা ‘গ্রিন ডিসঅ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)’-এর সঙ্গে যুক্ত। জিডিএফ-এর আবাসিক শিক্ষার্থী হিসেবে প্রথম শ্রেণি থেকেই তার শিক্ষার পথচলা শুরু হয়। অত্যন্ত মেধাবী এই শিক্ষার্থীর অভাবনীয় সাফল্যে আনন্দিত তার পরিবার ও জিডিএফ।

মৌমির সাফল্যের বিষয়ে জিডিএফের নির্বাহী পরিচালক বায়েজিদ আহমদ খান বলেন, ‘মৌমি প্রথম শ্রেণি থেকেই আমাদের এখানে আবাসিক শিক্ষার্থী হিসেবে পড়ালেখা করছে। সিলেট বোর্ডে সার্বিক ফল বিপর্যয়ের মাঝেও তার এই কৃতিত্বপূর্ণ সাফল্য আমাদের অত্যন্ত আনন্দিত ও গর্বিত করেছে।’

এদিকে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী মৌমিকে শনিবার রাতেই সংবর্ধিত করেছে গ্রিন ডিসঅ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)। সিলেটের জল্লারপাড় রোডস্থ কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানান ওয়াসার চেয়ারম্যান এবং বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী।

সর্বশেষ সর্বাধিক পঠিত