সুন্দরবনের জোংড়া বনাঞ্চলে শিকারিদের পাতা ফাঁদে আটকে পড়া দুটি জীবিত হরিণ উদ্ধার করেছেন বনরক্ষীরা। পরে হরিণ দুটি বনে অবমুক্ত করা হয়। এ সময় শিকারিদের পেতে রাখা বিপুলসংখ্যক হরিণ ধরার ফাঁদও জব্দ করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) দুপুরে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের জোংড়া ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার মতিউর রহমানের নেতৃত্বে বনরক্ষীরা নিয়মিত টহল দিচ্ছিলেন। এ সময় জোংড়া বনাঞ্চলের কুঞ্চিরখাল এলাকায় বনের ভেতরে শিকারিদের পাতা হরিণ ধরার ফাঁদ দেখতে পান তাঁরা।
পরে ঘটনাস্থলে গিয়ে ফাঁদে আটকে থাকা দুটি জীবিত হরিণ উদ্ধার করেন বনরক্ষীরা। তাৎক্ষণিকভাবে হরিণ দুটি বনে অবমুক্ত করা হয়। একই সঙ্গে শিকারিদের পেতে রাখা বিপুলসংখ্যক হরিণ ধরার ফাঁদ জব্দ করা হয়।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করীম চৌধুরী জানান, জোংড়া টহল ফাঁড়ির বনরক্ষীদের নিয়মিত পায়ে হেঁটে টহলের কারণে দুটি হরিণের প্রাণ রক্ষা পেয়েছে। সুন্দরবনের বন্যপ্রাণী রক্ষায় বনরক্ষীদের টহল কার্যক্রম আরও জোরদার করার নির্দেশনা দেওয়া হয়েছে।