স্ত্রীর করা মামলায় পুলিশ কর্মকর্তা কারাগারে

আপডেট : ০৩ নভেম্বর ২০২৬, ০৮:০৩ পিএম

নারায়ণগঞ্জে আইনজীবী স্ত্রীর দায়ের করা পারিবারিক মামলায় এক মাসের কারাদণ্ডপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আবু নকীব আদালতে আত্মসমর্পণ করেছেন। 

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামজিদ হোসেনের আদালতে আত্মসমর্পণের পর শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

আবু নকীব মিরপুর-১ নৌপুলিশ কার্যালয়ে উপপরিদর্শক (এসআই) পদে কর্মরত ছিলেন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ জানান, আবু নকীব আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছিলেন। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার বাদী ও নারায়ণগঞ্জ জজ কোর্টের নারী আইনজীবী জাসমীন আহমেদের অভিযোগ, প্রেমের সম্পর্কের পর আবু নকীবের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর যৌতুকের দাবিতে তাকে প্রায়ই শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো। একপর্যায়ে তিনি জানতে পারেন, তাকে না জানিয়ে আবু নকীব একাধিক বিয়ে করেছেন।

এসব অভিযোগে তিনি মুসলিম ও পারিবারিক আইনের ৫(৬) ধারায় নারায়ণগঞ্জ আদালতে মামলা করেন। ওই মামলায় আদালত আবু নকীবকে এক মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড দেন। তবে রায় ঘোষণার সময় তিনি পলাতক ছিলেন। পরে মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করেন।

 

 

সর্বশেষ সর্বাধিক পঠিত