২৮তম জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) পঞ্চম রাউন্ডে রোমাঞ্চকর এক ম্যাচে সিলেটকে ১ উইকেটে হারিয়েছে চট্টগ্রাম। শেষ মুহূর্তে ব্যাটিং বিপর্যয়ে পড়ে জয়ের সম্ভাবনা কঠিন হয়ে উঠলেও সাদিকুর রহমানের দুর্দান্ত শতরান এবং শেষ উইকেট জুটির দৃঢ়তায় জয় নিশ্চিত করে স্বাগতিক দল। একই রাউন্ডে খুলনা ৮ উইকেটে ময়মনসিংহকে এবং রংপুর ৬ উইকেটে রাজশাহীকে হারিয়েছে। আছাড়া অমীমাংসিতভাবে শেষ হয়েছে ঢাকা-বরিশালের লড়াই।
চট্টগ্রামে সিলেটের বিপক্ষে ২২৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে তৃতীয় দিন শেষে ১ উইকেটে ১২৬ রান সংগ্রহ করে স্বাগতিকরা। শেষ দিনে জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র ১০১ রান। গতকাল অপরাজিত ৫৮ রান নিয়ে ব্যাটিংয়ে নামেন সাদিকুর রহমান। দিনের শুরুতে শাহ পরান ও শাহাদাত হোসেন দীপু ফিরে গেলেও ইয়াসির আলীকে সঙ্গে নিয়ে এগোচ্ছিলেন সাদিকুর। কিন্তু ইয়াসিরের বিদায়ের পর হঠাৎ ব্যাটিং বিপর্যয়ে পড়ে দলটি। মাত্র ২৩ রানের ব্যবধানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় তারা। একপ্রান্ত আগলে রেখে দুর্দান্ত এক শতক তুলে নেন সাদিকুর। চলতি লিগে এটি তার তৃতীয় সেঞ্চুরি এবং প্রথম শ্রেণির ক্রিকেটে ষষ্ঠ। ২০৮ বলে ৯টি ছক্কায় ১০০ রান করে সাদিকুর আউট হলে চট্টগ্রামের জয়ের জন্য প্রয়োজন পড়ে ১৭ রান। শেষ উইকেটে আশরাফুল হাসান রোহান ও সানজিদ মজুমদার সেই রান তুলে দলকে জয় এনে দেন। সিলেটের নাসুম আহমেদ দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট শিকার করেন।
অন্যদিকে খুলনায় স্বাগতিকরা ১৪০ রানের লক্ষ্য তাড়া করে ময়মনসিংহকে ৮ উইকেটে হারিয়েছে। দ্বিতীয় ইনিংসে আল আমিনের শতরানে ঘুরে দাঁড়ালেও শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি ময়মনসিংহ। এনামুল হক বিজয় অপরাজিত ৮০ রান করে খুলনার জয় নিশ্চিত করেন। এ ছাড়া বগুড়ায় রাজশাহীকে ৬ উইকেটে হারিয়ে চলতি লিগে প্রথম জয়ের দেখা পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর। দ্বিতীয় ইনিংসে রাজশাহীকে ১৮৪ রানে গুটিয়ে দিয়ে ১৬০ রানের লক্ষ্য পায় তারা। মিম মোসাদ্দেকের ৬১ রান ও রিশাদ হোসেনের দ্রুত ৩০ রানে সহজ জয় পায় রংপুর। পাঁচ ম্যাচ শেষে খুলনা ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে, চট্টগ্রাম ২১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে।
বৃষ্টির কারণে প্রথম দুই দিন খেলা না হওয়ায় রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে ঢাকা ও বরিশালের ম্যাচটি ড্রয়ে শেষ হয়েছে। তবে সেঞ্চুরির খুব কাছে গিয়েও আক্ষেপ নিয়ে ফিরেছেন আশিকুর রহমান শিবলি। ৯৯ রানে তানভির ইসলামের বলে ইফতেখারের দুর্দান্ত ক্যাচে থামে তার ১৬২ বলের ইনিংস। দুই ড্রয়ে ৮ পয়েন্ট নিয়ে তলানিতে বরিশাল।