ফতুল্লায় মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশ-শ্রমিক ধাওয়া-পাল্টা ধাওয়া

‘মাইক্রোফাইবার কারখানার শ্রমিকেরা রাস্তায় নেমে অন্য কারখানার কার্যক্রম ব্যাহত করার চেষ্টা করেছিল। সড়ক অবরোধ বন্ধ রাখতে পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। বেলা সাড়ে ১২টার দিকে পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে আসে।’

আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পিএম
নারায়ণগঞ্জের ফতুল্লায় ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় ব্যাপক ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (৪ নভেম্বর) সকালে সদর উপজেলার কাঠেরপুল ও আশপাশের শিল্প এলাকায় এই উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।
 
শ্রমিকেরা সড়কে কাঠ ও টায়ার জ্বালিয়ে অবরোধের চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে কয়েকজন শ্রমিককে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ফতুল্লার কাঠেরপুল এলাকার মাইক্রোফাইবার ও লিবার্টিসহ আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকেরা ৩০ হাজার টাকা মজুরির দাবিতে কাজ বন্ধ রেখে রাস্তায় নেমে আসেন। একপর্যায়ে তাঁরা অন্য কারখানার শ্রমিকদের বের করে আনতে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন।
 
পরে বিক্ষোভকারীরা হাজীগঞ্জ-পোস্ট অফিস সড়কের একাধিক স্থানে আগুন ধরিয়ে দেন এবং বিশাল মিছিল নিয়ে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শিবু মার্কেট এলাকার দিকে এগোনোর চেষ্টা চালান। এসময় ফতুল্লা থানা ও শিল্প পুলিশ বাধা দিলে উভয়পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।

শিল্প পুলিশ-৪-এর পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ জানান, ‘মাইক্রোফাইবার কারখানার শ্রমিকেরা রাস্তায় নেমে অন্য কারখানার কার্যক্রম ব্যাহত করার চেষ্টা করেছিল। সড়ক অবরোধ বন্ধ রাখতে পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। বেলা সাড়ে ১২টার দিকে পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে আসে।’

গত দুই দিন ধরে একই দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শিবু মার্কেট ও জালকুড়ি এলাকায় সড়ক অবরোধ করে আন্দোলন চালান শ্রমিকেরা। সেই সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে প্রায় চার ঘণ্টা যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে।
 
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, পরিস্থিতি এখন শান্ত ও নিয়ন্ত্রণে রয়েছে এবং এসব ঘটনায় এ পর্যন্ত ৬ জনকে আটক করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।
সর্বশেষ সর্বাধিক পঠিত