ভারতের ওডিশা রাজ্যের ভুবনেশ্বরে অনুষ্ঠিতব্য ‘বিমসটেক অনূর্ধ্ব-২৩ অ্যাথলেটিকস মিট ২০২৬’-এ বাংলাদেশের হয়ে অংশগ্রহণের জন্য মনোনীত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মনোবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মো. ফরহাদ হাসান তিতুন। তিনি প্রতিযোগিতায় শটপুট ও ডিসকাস থ্রো ইভেন্টে অংশ নেবেন।
সোমবার (২ নভেম্বর) বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক আলহাজ এডভোকেট আলী ইমাম তপন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিতে বলা হয়, আগামী ২৫ থেকে ২৭ নভেম্বর ভারতের ওডিশা রাজ্যের ভুবনেশ্বরে ‘বিমসটেক অনূর্ধ্ব-২৩ অ্যাথলেটিকস মিট ২০২৬’ অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহণের জন্য বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন তিতুনকে মনোনীত করেছে।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, প্রতিযোগিতায় অংশগ্রহণের প্রস্তুতি হিসেবে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের উদ্যোগে আগামী ১০ নভেম্বর থেকে ঢাকার জাতীয় স্টেডিয়ামে একটি বিশেষ আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত হবে। ক্যাম্পে থাকা, খাওয়া ও প্রশিক্ষণসংক্রান্ত যাবতীয় ব্যয় ফেডারেশন বহন করবে। প্রশিক্ষণ ক্যাম্পে অংশগ্রহণের জন্য মনোনীত অ্যাথলেটকে আগামী ৯ নভেম্বর বিকেল ৫টায় জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের কার্যালয়ে রিপোর্ট করতে বলা হয়েছে।
এ বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা বিভাগের পরিচালক রোকসানা বেগম টুকটুকি বলেন, “এটি আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত গর্বের। যারা খেলাধুলায় এগিয়ে, তাদের এখানে ভর্তি করালে সহজেই খেলোয়াড় হিসেবে তৈরি করা যায়। অখেলোয়াড়কে খেলোয়াড় হিসেবে তৈরি করা কঠিন। বিদেশে গিয়ে দেশের পতাকা বহন করবে, এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের।”
তিনি আরও বলেন, খেলাধুলায় এগিয়ে থাকা শিক্ষার্থীদের যথাযথ সুযোগ দেওয়া গেলে তারা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি দেশের সুনাম বয়ে আনতে পারে।