সুনামগঞ্জে প্রেমের সম্পর্ক নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পিএম

সুনামগঞ্জের দিরাইয়ে ছেলে-মেয়ের প্রেম করে পালিয়ে যাওয়া নিয়ে উপজেলার হলিমপুর ও মাটিয়াপুর গ্রামের দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে উভয় গ্রামের ২০ জন আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, করিমপুর ইউনিয়নের হলিমপুর গ্রামের একটি মেয়েকে নিয়ে পালিয়ে যায় মাটিয়াপুর গ্রামের যুবক। এঘটনায় গ্রাম দুটির প্রভাবশালী গোষ্ঠীর মধ্যে উত্তেজনা চলছিলো।  

বুধবার (৪ নভেম্বর) দুপুরে মাটিয়াপুর ও হলিমপুর গ্রামের মধ্যবর্তী মাঠে দুটি গ্রামের প্রভাবশালী পরিবারের সদস্য ও গ্রামবাসী দেশীয় অস্ত্র এবং ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের লোকজন ইটপাটকেল নিক্ষেপ করে।

এসময় দুটি পক্ষের ২০ জন আহত হন। আহতরা দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছে।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, দুটি গ্রামের প্রভাবশালী পরিবারের ছেলে-মেয়ে প্রেম করে পালিয়ে যাওয়া নিয়ে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে দিরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সর্বশেষ সর্বাধিক পঠিত