চট্টগ্রামে মাদক মামলায় ২ জনের যাবজ্জীবন

আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ০৬:০৭ পিএম

চট্টগ্রামে ১৫২ বোতল ফেনসিডিল উদ্ধারের ঘটনায় করা মাদক মামলায় দুইজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বুধবার (৪ নভেম্বর) চট্টগ্রামের অতিরিক্ত চতুর্থ মহানগর দায়রা জজ আদালতের বিচারক জেসমিন কলির আদালত এই রায় ঘোষণা করেন। তবে রায় দেওয়ার সময় দুই আসামি আদালতে অনুপস্থিত ছিলেন।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আমানগন্ডা এলাকার জামাল উদ্দিন ও একই এলাকার রফিক মিয়া।

মামলা এজাহারে জানা গেছে, ২০১২ সালের ১৪ নভেম্বর নগরের পাহাড়তলী থানার সিটি গেট পুলিশ চেকপোস্টের একটি কাভার্ড ভ্যানকে থামার সংকেত দেওয়া হয়। এ সময় চালক গাড়ি থামিয়ে রেখে দ্রুত পালিয়ে যান। পরে চালকের পাশের আসনে থাকা জামাল উদ্দিনকে আটক করে পুলিশ। এসময় কাভার্ড ভ্যানের চালকের কেবিন তল্লাশি চালিয়ে ১৫২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়। এ ঘটনায় নগরের পাহাড়তলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে পুলিশ। তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দিলে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।

আদালতের বেঞ্চ সহকারী নাইম হোসেন রায়ের বিষয়ে নিশ্চিত করেছেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত