পরিচ্ছন্ন-সবুজ বগুড়া মহানগর গড়তে নাগরিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

নগর উন্নয়নে শুধু অবকাঠামো নির্মাণ নয়, প্রয়োজন সঠিক পরিকল্পনা, নাগরিক সচেতনতা, জবাবদিহি ও কার্যকর ব্যবস্থাপনা।

আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ০৬:১২ পিএম

পরিচ্ছন্ন, সবুজ, আধুনিক ও পরিকল্পিত বগুড়া মহানগর গড়ে তুলতে নাগরিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা। তাঁরা বলেছেন, নগর উন্নয়নে শুধু অবকাঠামো নির্মাণ নয়, প্রয়োজন সঠিক পরিকল্পনা, নাগরিক সচেতনতা, জবাবদিহি ও কার্যকর ব্যবস্থাপনা।

‘আপনার মহানগরকে আপনি কেমন দেখতে চান?’ শীর্ষক সুধী সমাবেশ বুধবার (৪ নভেম্বর) বিকেল ৪টায় বগুড়া সিটি করপোরেশনের উদ্যোগে শহীদ টিটু মিলনায়তনে নাগরিক এসব কথা বলেন। সুধী সমাবেশে সভাপতিত্ব করেন সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রধান নির্বাহী কর্মকর্তা সাঈদ আলী। 

সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা পরিষদের প্রশাসক আহসানুল তৈয়ব জাকির, অধ্যক্ষ আব্দুল হাই, মহানগর জামায়াতের সাধারণ সম্পাদক আ স ম আব্দুল মালেক এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি।

বক্তব্যে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বগুড়ার সভাপতি সাহাবুদ্দিন সৈকত নগরীর ফুটপাত দখলমুক্ত, ফুটপাত প্রশস্তকরণ এবং গুরুত্বপূর্ণ এলাকায় নো-পার্কিং জোন চালুর দাবি জানান। নারী উদ্যোক্তা শ্যামলী ও স্বর্ণা নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ সুযোগ-সুবিধা এবং বিদ্যুৎ-সংক্রান্ত সমস্যার সমাধানে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

লাইট হাউজের নির্বাহী হারুন অর রশিদ পরিকল্পিত ও সবুজ নগরায়ণের ওপর গুরুত্ব দিয়ে বলেন, নগরীর পরিবেশ রক্ষায় গাছ লাগানো বাধ্যতামূলক করতে হবে। ব্যাংকার সামিউল করিম বলেন, নগর উন্নয়নের কাজ বিকেন্দ্রীকরণ করতে হবে। পাশাপাশি সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন জরুরি।

ক্রীড়া সংগঠক জামিলুর রহমান জামিল নগরীতে খেলার মাঠের সংকট তুলে ধরে প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ নির্মাণ, বিদ্যমান মাঠ সংস্কার এবং ইনডোর গেমসের ব্যবস্থা করার দাবি জানান। বিশিষ্ট সমাজসেবক আনজু জলেশ্বরীতলা এলাকার ফুটপাত দখলমুক্ত করার আহ্বান জানান।

বক্তব্যে রেজাউল হাসান রানু বলেন, বগুড়ার নগরায়ণে সঠিক পরিকল্পনা গ্রহণের পাশাপাশি তার যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। নাদিরা জান্নাত নগরীতে মাদক প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান। স্বেচ্ছাসেবী জিয়াউর রহমান বলেন, প্রতিদিন সকালের মধ্যেই নগরীর ময়লা-আবর্জনা পরিষ্কার করতে হবে।

সেলিম রেজা মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া এবং প্রধানমন্ত্রীর পরিকল্পনা বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন। সারোয়ার হোসেন বলেন, জনসংখ্যা ও আয়তনের ভিত্তিতে বড় ওয়ার্ডগুলো পুনর্বিন্যাস করে নাগরিক সুবিধা বাড়াতে হবে।

সমাবেশে বক্তারা আরও বলেন, ফতেহ আলী বাজার মোড়ের অবৈধ দোকানপাট উচ্ছেদ, সড়ক প্রশস্তকরণ এবং যানজট নিরসনে কার্যকর উদ্যোগ নিতে হবে। নাগরিকদের মতামত ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে সমন্বিত পরিকল্পনার মাধ্যমে বগুড়াকে বাসযোগ্য, পরিচ্ছন্ন ও আধুনিক মহানগর হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তাঁরা।

সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, বগুড়াকে নিয়ে প্রধানমন্ত্রীর মহাপরিকল্পনা রয়েছে। তাই আমাদের অপেক্ষা করতে হবে। ধীরে ধীরে সকল সমস্যার সমাধান হবে। আমরা ১৭ বছর যেভাবে পিছিয়ে ছিলাম, বঞ্চিত ছিলাম।  তার পুরণ করতে চাই। অতিরিক্ত কিছু আমাদের দরকার নেই। বগুড়ার উন্নয়ন শুরু হয়েছে, খুব দ্রুতই সবকিছু দৃশ্যমান হবে। যা আমরা ইতিমধ্যে দেখতে শুরু করেছি।



সর্বশেষ সর্বাধিক পঠিত