বগুড়ায় এক বৃদ্ধের অর্ধগলাকাটা মরদেহ উদ্ধার

আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ পিএম

বগুড়ার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের ক্ষুদ্র ফুলকোট গ্রামে টুলু মিয়া (৫০) নামে এক ব্যক্তির অর্ধগলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৩১ অক্টোবর) সকালে নিজ ঘরের ভেতরে তার গলাকাটা মরদেহ দেখতে পান তার মেয়ে।

জানা যায়, টুলু মিয়ার স্ত্রী জীবিকার প্রয়োজনে প্রবাসে থাকেন। তার দুই মেয়ে জেমি ও জুথি আক্তার, উভয়ই বিবাহিত। তিনি বাড়িতে একাই বসবাস করতেন। তবে গত কয়েক দিন ধরে পেটের ব্যথায় অসুস্থ থাকায় তার ছোট মেয়ে জুথি আক্তার বাবার বাড়িতে অবস্থান করছিলেন।

ছোট মেয়ে জুথি'র দাবি, অসুস্থতার কারণে তার বাবা নিজেই ধারালো বটি দিয়ে গলায় আঘাত করেছেন।

স্থানীয়দের ধারণা, অসুস্থতার কারণে মানসিক চাপে তিনি নিজেই রাতে ধারালো ছুরি দিয়ে গলায় আঘাত করেছেন বা অন্য কেউ হত্যার উদ্দেশে আঘাত করতে পারেন। তবে এটি আত্মহত্যা, নাকি অন্য কোনো কারণে তার মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত