আন্তর্জাতিক ক্রিকেটে পরাশক্তি দলগুলোর বিরুদ্ধে নিজের অবিস্মরণীয় ধারাবাহিকতার অনন্য প্রমাণ দিলেন বিরাট কোহলি। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত এক ফিফটি হাঁকিয়ে ভারতকে ৫ উইকেটের সহজ জয় এনে দিয়েছেন তিনি। একই সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে গড়েছেন এক মহাকাব্যিক বিশ্বরেকর্ড। পেছনে ফেলে দিয়েছেন কিংবদন্তি শচীন তেন্ডুলকরকে।
রেকর্ড গড়ার ম্যাচ ও কোহলির দুর্দান্ত ইনিংস
অকল্যান্ডের ইডেন পার্কে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে অর্শদীপ সিং (৪/৭০) ও গুরনুর ব্রারের (৩/৪৪) দারুণ বোলিংয়ে নিউজিল্যান্ড ৪০.২ ওভারে ১৮৫ রানে অলআউট হয়। কিউইদের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান করেন টিম সাইফার্ট।
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ভারতের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩২ ওভারে ১৪৩ রান। রান তাড়ায় নেমে দলীয় মাত্র ১ রানেই রোহিত শর্মা শূন্য রানে সাজঘরে ফেরেন। এরপর ক্রিজে এসেই নিউজিল্যান্ডের পেস আক্রমণের ওপর চড়াও হন কোহলি। মাত্র ৩৫ বলে নিজের ৮০তম ওয়ানডে ফিফটি তুলে নেন তিনি। শেষ পর্যন্ত ৫১ বলে ১৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৭৪ রানের এক দৃষ্টিনন্দন ইনিংস খেলে জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন। অধিনায়ক শুবমান গিলের (৩৭) সঙ্গে তার ১১১ রানের জুটি দলের জয়কে সহজ করে দেয়। ৫৬ বল হাতে রেখেই ৫ উইকেটের জয় তুলে নিয়ে ৫ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত। সিরিজের দ্বিতীয় ম্যাচটি আগামী শনিবার ওয়েলিংটনে অনুষ্ঠিত হবে।
শচীনকে টপকে কোহলির বিশ্বরেকর্ড
এই ইনিংসটিই কোহলিকে পৌঁছে দিয়েছে ইতিহাসের এক অনন্য উচ্চতায়। ক্রিকেটের ৪ পরাশক্তি বা 'সেনা' (দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া) দেশগুলোর বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে সর্বোচ্চ ৫০+ (ফিফটি ও সেঞ্চুরি) রানের ইনিংস গড়ার একক রেকর্ডের মালিক এখন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে এই ম্যাচে ফিফটি করার সুবাদে কোহলির মোট ৫০+ রানের সংখ্যা এখন ১৩৪। এত দিন ১৩৩টি ৫০+ ইনিংস নিয়ে তালিকার শীর্ষে ছিলেন শচিন তেন্ডুলকর।
কোহলির ১৩৪টি ৫০+ রানের ইনিংসে রয়েছে ৪৫টি সেঞ্চুরি এবং ৮৯টি ফিফটি, যা তিনি সংগ্রহ করেছেন ৩২০টি ম্যাচে। অন্যদিকে, শচীন তেন্ডুলকরের ১৩৩টি ৫০+ ইনিংস এসেছিল ৩২৮টি ম্যাচে (৫০টি সেঞ্চুরি ও ৮৩টি ফিফটি)। এই তালিকার তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছেন যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা (১০০টি) ও শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা (৯৭টি)। পঞ্চম স্থানে থাকা অস্ট্রেলিয়ার রিকি পন্টিংয়ের রয়েছে ৯১টি ৫০+ ইনিংস।
ওয়ানডে ক্রিকেটেও 'সেনা' ৪টি দেশের বিপক্ষেই কোহলির রান করার ধারাবাহিকতা বিস্ময়কর। ওয়ানডে ইতিহাসের একমাত্র ব্যাটার হিসেবে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া—এই চার দেশের প্রত্যেকটির বিরুদ্ধেই গড়ে ৫০-এর বেশি রান রাখার বিরল কীর্তি রয়েছে তার:
-
অস্ট্রেলিয়া: ৫০.০৩
-
নিউজিল্যান্ড: ৫১.৫৩
-
ইংল্যান্ড: ৫১.৪৮
-
দক্ষিণ আফ্রিকা: ৭৬.৩৮
বিশ্বের অন্য কোনো ব্যাটার এই চার দেশের বিরুদ্ধেই আলাদাভাবে ৫০-এর ওপর গড় ধরে রাখতে পারেননি। কেবল নিউজিল্যান্ডের বিরুদ্ধেই তিন ফরম্যাট মিলিয়ে কোহলির সংগৃহীত রান ৩,২৪১। কিউইদের বিরুদ্ধে তার সাম্প্রতিক ফিফটিটি ছিল দলটির বিরুদ্ধে তাঁর ১১তম ওয়ানডে ফিফটি।
শুধু রান কিংবা গড়েই নয়, দ্বি-পাক্ষিক সিরিজে সেরা খেলোয়াড়ের পুরস্কার জয়েও কোহলি বেশ উজ্জ্বল। চার সেনা দেশের তিনটির বিরুদ্ধেই সিরিজসেরা (প্লেয়ার অব দ্য সিরিজ) হওয়ার কীর্তি রয়েছে তাঁর—অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই সম্মান অর্জন করেছেন তিনি। একমাত্র নিউজিল্যান্ডের বিপক্ষে এখনো 'প্লেয়ার অব দ্য সিরিজ' ট্রফি জেতা বাকি রয়ে গেছে কোহলির।
‘আস্তিনে লুকানো ট্রাম্পকার্ড’ নিয়ে সিলেট টেস্টে উইন্ডিজরা