প্রিপেইড মিটারের রিচার্জ সেবা সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো)। সিস্টেম উন্নয়ন ও আধুনিকায়নের কাজের কারণে আগামী বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ১০টা থেকে শুক্রবার (৬ নভেম্বর) রাত ১০টা পর্যন্ত টানা ২৪ ঘণ্টা এ সেবা পাওয়া যাবে না।
বুধবার (৪ নভেম্বর) এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠানটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রিপেইড মিটার ব্যবস্থার আপগ্রেডেশন কার্যক্রমের অংশ হিসেবে নির্ধারিত সময়ে রিচার্জ সেবা সাময়িকভাবে বন্ধ থাকবে। এ সিদ্ধান্তের আওতায় পড়বেন যেসব গ্রাহকের প্রিপেইড মিটার নম্বর ‘০৩’ দিয়ে শুরু হয়েছে।
এ অবস্থায় নির্ধারিত সময়ের মধ্যে রিচার্জ করতে না পারার কারণে বিদ্যুৎ সরবরাহে যেন কোনো সমস্যা তৈরি না হয়, সে জন্য গ্রাহকদের আগেভাগেই মিটারে পর্যাপ্ত ব্যালেন্স রাখার পরামর্শ দিয়েছে ডেসকো।
এ ছাড়া কোনো জরুরি প্রয়োজনে বা প্রয়োজনীয় তথ্য জানতে গ্রাহকদের ১৬১২০ অথবা ১৬৯৯৯ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
সাময়িক এ সেবা বিঘ্নের জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে ডেসকো কর্তৃপক্ষ।