দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম উপসর্গে ৬ শিশু মারা গেছে। সব মিলিয়ে ডেঙ্গু ও হাম উপসর্গে মোট ১২ জনের মৃত্যু হলো। গতকাল বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত ১ হাজার ৮৬৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ ঢাকা বিভাগে ৮৬৮, ময়মনসিংহে ৬৬, চট্টগ্রামে ২৫৬, খুলনায় ২১৫, রাজশাহীতে ১৭১, রংপুরে ৭১, বরিশালে ২০৬ ও সিলেট বিভাগে ১৩ জন ভর্তি হয়েছেন। এ ছাড়া বর্তমানে হাসপাতাল ভর্তি রয়েছেন ৫ হাজার ৯৩৬ জন। আর হাসপাতাল থেকে এখন পর্যন্ত ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৩৬ হাজার ৩৯৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৪২ হাজার ৭৭৫ জনে। আর মোট মৃত্যু হয়েছে ৪৪৫ জনের। চলতি বছরে মৃতদের মধ্যে জানুয়ারিতে ২, ফেব্রুয়ারিতে ২, মে মাসে ১, জুনে ১৩, জুলাইয়ে ৩৬, আগস্টে ৪৩ ও সেপ্টেম্বরে ১৪৮ জনের মৃত্যু হয়েছে।