সাতক্ষীরা সদর উপজেলার আগরদাঁড়ি ইউনিয়নের ছয়ঘরিয়া মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় রহিমা বেগম (৬০) নামের এক প্রবীণ নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভোর ৫টার দিকে সাতক্ষীরা-যশোর সড়কের ছয়ঘরিয়া মোড় সংলগ্ন স্বাধীন মাহিন অটো রাইস মিলের সামনের রাস্তায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত রহিমা বেগম সদর উপজেলার আগরদাঁড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাঁশঘাটা গ্রামের ইনসুর আলী গাজীর স্ত্রী। স্থানীয়দের ভাষ্যমতে, তিনি মাঝে মাঝে মানসিকভাবে কিছুটা অপ্রকৃতিস্থ থাকতেন।
নিহতের ছেলে শরিফুল ইসলাম জানান, তার মা বৃহস্পতিবারে ভোর সাড়ে ৪টার দিকে বাড়ি থেকে হাঁটতে বের হয়েছিলেন। পরে সাড়ে ৫টার দিকে তিনি খবর পান সাতক্ষীরা-যশোর সড়কের ছয়ঘরিয়া মোড় এলাকার রাস্তার ওপর তার মায়ের মরদেহ পড়ে আছে। দ্রুত ঘটনাস্থলে গিয়ে তিনি দেখেন, তার মায়ের মাথা থেঁতলানো এবং দুই হাত ভাঙা অবস্থায় রাস্তায় পড়ে রয়েছে। রাস্তা পার হওয়ার সময় কোনো দ্রুতগামী বাস বা ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায় বলে ধারণা করছেন তিনি।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পর পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঘাতক যানবাহন জব্দ ও চালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।