শিশু হত্যা মামলায় রিকশাচালকের মৃত্যুদণ্ড

আপডেট : ০৫ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পিএম

চট্টগ্রামে ৮ বছরের শিশু সোহাগ হত্যা মামলায় মো. ইমন হোসেন নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। 

বৃহস্পতিবার (৫ নভেম্বর) চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-১১-এর বিচারক নিষ্কৃতি হাগিদক এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত মো. ইমন হোসেন (২৮) ভোলা জেলার চরফ্যাশন উপজেলার নুরাবাদ পশ্চিমপাড়া এলাকার রওশন মাঝির বাড়ির আবদুল করিমের ছেলে।

আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ জানান, ৮ বছরের শিশু সোহাগ হত্যা মামলায় আসামি মো. ইমন হোসেনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন। তার বিরুদ্ধে সাজা পরোয়ানামূলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৮ মার্চ দুপুরে পতেঙ্গার খালপাড় এলাকায় খেলছিল শিশু সোহাগ। এ সময় রিকশাচালক ইমন হোসেন তাকে বড়ই খাওয়ানোর প্রলোভন দেখিয়ে চেয়ারম্যান গলির একটি পরিত্যক্ত ভাড়া বাসায় নিয়ে যান। সেখানে শিশুটিকে ৫০ টাকা দিয়ে অনৈতিক কাজে প্রলুব্ধ করার চেষ্টা করেন তিনি। এতে সোহাগ বাধা দিয়ে চিৎকার ও পালানোর চেষ্টা করলে ইমন ইট দিয়ে তার মাথা ও কপালে উপর্যুপরি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

সন্ধ্যায় পরিত্যক্ত ঘর থেকে সোহাগের মরদেহ উদ্ধার করেন পরিবারের সদস্যরা। এ ঘটনায় সোহাগের বাবা মো. ফারুক হোসেন পতেঙ্গা থানায় একটি হত্যা মামলা করেন।

মামলার তদন্ত শেষে ২০১৮ সালের ১০ আগস্ট আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। ২০১৯ সালের ২৭ আগস্ট আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত