আমিরাতে বাংলাদেশিদের ভিসা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ

আপডেট : ০৫ নভেম্বর ২০২৬, ০৫:২৬ পিএম

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের দীর্ঘদিনের ভিসা সংকট সমাধানে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। এ সমস্যা সমাধানে দেশটির সরকারের সঙ্গে মন্ত্রী পর্যায়ে আলোচনা করা হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক।

মঙ্গলবার (৩ নভেম্বর) সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ক্রাউন প্লাজা হোটেলে আয়োজিত ‘এনআরবি সিআইপি সম্মাননা ২০২৬’ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, আমিরাতে বাংলাদেশিদের ভিসা পরিস্থিতি সরকারের নজরে রয়েছে। এ বিষয়ে ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক চ্যানেলে যোগাযোগ করা হয়েছে। পাশাপাশি মন্ত্রী পর্যায়ে আমিরাত সরকারের সঙ্গে আলোচনা করে যত দ্রুত সম্ভব সমস্যার সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান। তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক সরকার দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছে। বর্তমান সরকার জনগণ ও প্রবাসীদের সরকার। জনগণের ভাগ্যোন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করছে সরকার।

তিনি আরও বলেন, শুধু সিআইপি নয়, প্রত্যেক প্রবাসীর সম্মান ও মর্যাদা প্রতিষ্ঠা করতে চায় সরকার। এ জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম বলেন, প্রধানমন্ত্রী দীর্ঘদিন প্রবাসে থাকায় প্রবাসীদের সমস্যা ও প্রত্যাশা সম্পর্কে আন্তরিকভাবে অবগত। প্রবাসীরা দেশের অর্থনীতিকে সচল রাখতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও এখনো যথাযথ সম্মান পাননি। তাদের সমস্যা সমাধান ও মর্যাদা প্রতিষ্ঠায় সরকার আন্তরিকভাবে কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী, সংযুক্ত আরব আমিরাতের সাবেক মন্ত্রী ড. মোহাম্মদ সাঈদ আল কিন্দি, আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমদ এবং দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল রাশেদুজ্জামানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রায় ৩৬ জন কমার্শিয়ালি ইম্পর্ট্যান্ট পারসনকে (সিআইপি) সম্মাননা দেওয়া হয়। আমিরাতের সাবেক মন্ত্রী, বাংলাদেশি সংসদ সদস্য, রাষ্ট্রদূত ও কনসাল জেনারেলসহ আমন্ত্রিত অতিথিরা তাঁদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করা এবং দেশের অর্থনীতিতে অবদান রাখার স্বীকৃতি হিসেবে সফল উদ্যোক্তা ও রেমিট্যান্সযোদ্ধাদের এ সম্মাননা দেওয়া হয়। আয়োজকেরা মনে করেন, এ উদ্যোগ প্রবাসী বাংলাদেশিদের মধ্যে নতুন উৎসাহ ও অনুপ্রেরণা সৃষ্টি করবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত