নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশের ৫০৩টি উপজেলায় একযোগে শুরু হলো প্রতিভা অন্বেষণ কর্মসূচি, এবার ১০টি খেলায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে শিশু-কিশোররা।

আপডেট : ০৫ নভেম্বর ২০২৬, ০৬:১৯ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমান শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশ এবং তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করার লক্ষ্যে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসরের উদ্বোধন করেছেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল পৌনে ৪টায় খুলনা জেলা স্টেডিয়ামে বেলুন ও পায়রা উড়িয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন তিনি। একই সঙ্গে অনলাইনে দেশের ৫০৩টি উপজেলায় দ্বিতীয় আসরের কার্যক্রমেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জাতীয় পতাকা উত্তোলন করেন। পাশাপাশি প্রতিযোগিতার ১০টি বিভাগে অংশ নেওয়া ক্ষুদে খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন। এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহফুজুল আলম খান প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

প্রধানমন্ত্রী স্টেডিয়ামে পৌঁছালে গ্যালারিতে উপস্থিত শিক্ষার্থী ও ক্রীড়াবিদরা হাত নেড়ে তাকে অভিবাদন জানান। তাকে কাছে পেয়ে শিশু-কিশোরদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। প্রধানমন্ত্রীও মাঠের ভেতর দিয়ে গ্যালারির কাছাকাছি গিয়ে শিক্ষার্থীদের হাত নেড়ে শুভেচ্ছা জানান।

‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ প্রতিপাদ্য সামনে রেখে এবারের আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে থাকা শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা খুঁজে বের করার পাশাপাশি তাদের বিকাশের সুযোগ তৈরি করতে চায় সরকার।

এবারের প্রতিযোগিতায় আগের আটটি ইভেন্টের সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে ভলিবল ও টেবিল টেনিস। ফলে মোট ১০টি ক্রীড়া বিভাগে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে প্রতিযোগীরা। ১০ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোররা এতে অংশ নিতে পারবে।

এর আগে শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ এবং খেলাধুলায় আগ্রহ বাড়ানোর লক্ষ্যে গত ২ মে সিলেটে নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম আসরের উদ্বোধন করা হয়েছিল। দ্বিতীয় আসরে খুলনায় এই কর্মসূচিতে অনলাইনে নিবন্ধন করেছে ১৬ লাখ ২৩ হাজার ২১৮ জন প্রতিযোগী।

সরকারের লক্ষ্য, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই করে তাদের প্রয়োজনীয় বিকাশের সুযোগ তৈরি করা। বিএনপির নির্বাচনি ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ক্রীড়া পরিদপ্তর কর্মসূচিটি বাস্তবায়ন করছে।

উল্লেখ্য, আশির দশকের জনপ্রিয় প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি’র ধারাবাহিকতায় এবার ক্রীড়াক্ষেত্রে নতুন প্রজন্মের প্রতিভা খুঁজে বের করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত