শিক্ষকদের পিএইচডি ও আন্তর্জাতিক মানের গবেষণায় গুরুত্ব দিচ্ছে আইএসইউ

আপডেট : ০৫ নভেম্বর ২০২৬, ০৬:৩১ পিএম

শিক্ষকদের উচ্চশিক্ষা ও গবেষণায় উদ্বুদ্ধ করতে দৃঢ় অবস্থানের কথা জানিয়েছেন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) উপাচার্য অধ্যাপক ড. আব্দুল আউয়াল খান। 

সম্প্রতি মালয়েশিয়ার এশিয়া ই ইউনিভার্সিটি থেকে আইএসইউর ট্রেজারার অধ্যাপক ড. এইচ.টি.এম. কাদের নেওয়াজ পিএইচডি ডিগ্রি অর্জন করায় বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের মহাখালী ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

উপাচার্য অধ্যাপক ড. আব্দুল আউয়াল খান বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা ও অগ্রযাত্রায় অধ্যাপক ড. কাদের নেওয়াজের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তার পিএইচডি ডিগ্রি অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং পুরো বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য গৌরবের বিষয়। আইএসইউকে গবেষণাভিত্তিক ও পিএইচডি-সমৃদ্ধ বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে তিনি শিক্ষকদের দ্রুত পিএইচডি ডিগ্রি অর্জন এবং আন্তর্জাতিক মানের গবেষণায় সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

তিনি আগামী এক বছরের মধ্যে অন্তত ১০ জন শিক্ষককে মালয়েশিয়ায় পিএইচডি করার সুযোগ সৃষ্টির প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি আরও বলেন, শিক্ষকরাই একটি বিশ্ববিদ্যালয়ের মূল চালিকাশক্তি। সম্মিলিত প্রচেষ্টায় আইএসইউকে দেশের শীর্ষ পাঁচটি মানসম্মত বিশ্ববিদ্যালয়ের একটিতে পরিণত করাই তাদের লক্ষ্য।

অনুষ্ঠানে অধ্যাপক ড. এইচ.টি.এম. কাদের নেওয়াজ তার বক্তব্যে পিএইচডি অর্জনের পেছনে উপাচার্য অধ্যাপক ড. আব্দুল আউয়াল খানের অনুপ্রেরণা ও দিকনির্দেশনার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, শিক্ষকদের উচ্চশিক্ষা ও গবেষণায় উদ্বুদ্ধ করতে উপাচার্যের দৃঢ় অবস্থান তাকে এ অর্জনে অনুপ্রাণিত করেছে। ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক উন্নয়নে উচ্চশিক্ষা ও গবেষণার কোনো বিকল্প নেই উল্লেখ করে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের গবেষণায় আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। তার মতে, গবেষণায় অগ্রগতিই একটি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক মান ও সমৃদ্ধি অর্জনের অন্যতম প্রধান ভিত্তি।

অনুষ্ঠানে বক্তারা অধ্যাপক ড. কাদের নেওয়াজের এ অর্জনে আনন্দ ও সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, উচ্চশিক্ষা ও গবেষণায় এ ধরনের অর্জন ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশ ও জ্ঞানচর্চাকে সমৃদ্ধ করে। তার অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইএসইউর প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক মো. আবুল কাশেম, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ একরামুল হক, ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক মোহাম্মদ আলী, রেজিস্ট্রার মো. ফাইজুল্লাহ কৌশিকসহ বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক ও কর্মকর্তারা।

সর্বশেষ সর্বাধিক পঠিত