মিয়ানমারে পাচারের সময় ৬৬ লাখ টাকার সারসহ আটক ৮

আপডেট : ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ পিএম

মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়ার সময় ৬৬ লাখ ১৬ হাজার টাকা মূল্যের ২৪ হাজার ৬০০ কেজি ইউরিয়া সার জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় সার পাচারে ব্যবহৃত একটি বোটসহ আটজনকে আটক করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) রাত ১টার দিকে ভোলার দক্ষিণ আইচা থানার তেঁতুলিয়া নদীসংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব সার জব্দ করে কোস্ট গার্ড আউটপোস্ট চরমানিকার সদস্যরা।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি জানান, অভিযানের সময় সন্দেহজনক একটি বোটে তল্লাশি চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া বিপুল পরিমাণ ইউরিয়া সার পাওয়া যায়। পরে সার, পাচারকাজে ব্যবহৃত বোটসহ আটজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—নোয়াখালীর চরজব্বার এলাকার আজগর হোসেন ও সেলিম, লক্ষ্মীপুরের কমলনগর এলাকার কবির হোসেন, ভোলার শশীভূষণ এলাকার আব্দুল মমিন, চরফ্যাশনের মো. শামীম ও ইউসুফ, দুলারহাটের মো. সিরাজ এবং দৌলতখানের মো. রায়হান।

কোস্ট গার্ডের এ কর্মকর্তা আরও জানান, জব্দ করা সার ও বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন। দেশের চোরাচালান রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত