রাজধানীর শান্তিবাগে নিজেদের বাসায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে সাইফুল ইসলাম সাইফ (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় শাহজাহানপুর থানাধীন শান্তিবাগের ১৮৭ নম্বর ২৪ তলা ভবনের নবম তলায় এ ঘটনা ঘটে।
নিহতের বাবা সিরাজুল ইসলাম জানান, সন্ধ্যায় তিনি বাড়ির ছাদে ছিলেন। বাসায় ছিলেন তাঁর স্ত্রী ও দুই ছেলে। এ সময় দুই ভাইয়ের মধ্যে ঝগড়া ও একপর্যায়ে মারামারি শুরু হয়। এর মধ্যে ১৭ বছর বয়সী ছোট ছেলে সাইম বড় ভাই সাইফের গলার নিচে ছুরিকাঘাত করে।
পরে পরিবারের সদস্যরা মুমূর্ষু অবস্থায় সাইফকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সন্ধ্যা ৭টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি শাহজাহানপুর থানা পুলিশ তদন্ত করছে।
স্বজনরা জানান, সাইফ একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছিলেন। তাঁকে অস্ট্রেলিয়ায় পাঠানোর প্রস্তুতি চলছিল। পাশাপাশি তিনি প্রাইভেট পাইলট পরিচালনার প্রশিক্ষণ নিচ্ছিলেন। দুই ভাইয়ের মধ্যে সাইফ ছিলেন বড়।