অবশেষে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেকের সেই রাফা আবাসিক হোটেলে অভিযান চালিয়েছে কর্ণফুলী থানা পুলিশ। অভিযানে হোটেল কক্ষে অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ৭ নারী-পুরুষকে আটক করা হয়।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় ওই আবাসিক হোটেলে এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, আটক ব্যক্তিদের মধ্যে দুজন স্বামী-স্ত্রী বলে দাবি করেছেন। তাদের তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। সত্যতা পাওয়া গেলে তাদের ছেড়ে দেওয়া হবে। তবে অন্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সাম্প্রতিক সময়ে ওই রাফা হোটেলে স্থানীয় কিছু ব্যক্তির যোগসাজশে অসামাজিক কার্যকলাপের অভিযোগ ওঠে। এ নিয়ে বিভিন্ন পত্রিকায় খবর ছাপা হয়। এরপরেই টনক নড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমেদ বলেন, আটক ব্যক্তিদের পাশাপাশি হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধেও তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে রাফা আবাসিক হোটেলে পুলিশের অভিযানে সন্তুষ্টি প্রকাশ করেন স্থানীয় জনসাধারণ। তাদের অভিযোগ ছিল স্থানীয় যুবসমাজের নৈতিক চরিত্র অবক্ষয় করে অনৈতিক, অপকর্মের মাধ্যমে ব্যবসা পরিচালনা করে আসছিল আবাসিক হোটেলটি।
নোয়াখালীতে ৬২ হাজার পিস ইয়াবাসহ আটক ১