শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর ব্যবস্থায় মাঠপর্যায়ের কার্যক্রম ও লাইভ ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ১২:৪৪ পিএম

চলমান শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।

মোতায়েনকৃত বিজিবি সদস্যরা ঢাকার সাভার, আশুলিয়া ও মিরপুর; নারায়ণগঞ্জের শিবু মার্কেট, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাঢ়া, কাঁচপুর ও শিমরাইল এবং গাজীপুরের চন্দ্রা, পল্লীবিদ্যুৎ, মৌচাক, আমবাগ, কাশিমপুর, নাওজোর, ভোগড়া বাইপাস, গাছা ও সালনা এলাকায় দায়িত্ব পালন করছেন।

বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর ব্যবস্থায় মাঠপর্যায়ের কার্যক্রম ও লাইভ ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। একই সঙ্গে স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে মোতায়েনকৃত বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন।

শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, জনসাধারণের জানমালের সুরক্ষা এবং স্বাভাবিক কর্মপরিবেশ বজায় রাখতে বিজিবির এ মোতায়েন ও নজরদারি কার্যক্রম অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে নভেম্বর মাসের শুরু থেকেই ঢাকা ও আশপাশের শিল্পাঞ্চলগুলোতে তীব্র শ্রমিক অসন্তোষ এবং বিক্ষোভের সৃষ্টি হয়েছে। বর্তমানে কার্যকর থাকা ১২ হাজার ৫০০ টাকা ন্যূনতম মজুরি দিয়ে জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় ও উচ্চ মূল্যস্ফীতি সামাল দেওয়া অসম্ভব বলে শ্রমিকেরা এই দাবি জানিয়েছেন।

বিক্ষোভ দ্রুত রাজধানী ঢাকার মিরপুরসহ সাভার, আশুলিয়া, গাজীপুর এবং নারায়ণগঞ্জের ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ শিল্পাঞ্চলে ছড়িয়ে পড়ে।

বেশ কিছু স্থানে শ্রমিকদের সড়ক অবরোধ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। হেমায়েতপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করতে হয়।

তীব্র শ্রমিক অসন্তোষের মুখে নিরাপত্তা ও উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কায় মালিকপক্ষ সাভার, আশুলিয়া ও গাজীপুর অঞ্চলের পাঁচ শতাধিক পোশাক কারখানা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করতে বাধ্য হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ১ নভেম্বর পোশাক শ্রমিকদের জন্য ৬ সদস্যের একটি নতুন ন্যূনতম মজুরি বোর্ড গঠন করে।

৪ নভেম্বর নবগঠিত মজুরি বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে জানানো হয় যে, শ্রমিকদের জীবনযাত্রার মান বিবেচনা করে আগামী ডিসেম্বর (২০২৬) মাসের মধ্যে নতুন মজুরিকাঠামো চূড়ান্ত ও কার্যকর করা হবে। ২০২৭ সালের জানুয়ারি থেকে শ্রমিকেরা নতুন কাঠামো অনুযায়ী বর্ধিত বেতন পাবেন। তবে চূড়ান্ত মজুরি কত টাকা বাড়ানো হবে, তা এখনো সুনির্দিষ্ট করা হয়নি।

শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, জনসাধারণের জানমালের সুরক্ষা এবং স্বাভাবিক কর্মপরিবেশ বজায় রাখতে বিজিবির মোতায়েন ও নজরদারি কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।

সর্বশেষ সর্বাধিক পঠিত