নতুন পররাষ্ট্রসচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী  

আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ০৮:২৩ পিএম

সরকার পেশাদার কূটনীতিক সালাহউদ্দিন নোমান চৌধুরীকে পররাষ্ট্রসচিবের দায়িত্ব দিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে এ কথা জানায়। বিসিএস পররাষ্ট্র ক্যাডারের ১৭তম ব্যাচের কর্মকর্তা আজ রবিবার (৮ নভেম্বর) নতুন দায়িত্ব গ্রহণ করেছেন। 

এ দায়িত্ব গ্রহণের আগে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে সচিব (সমন্বয়) ছিলেন। এর আগে তিনি নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে স্থায়ী প্রতিনিধি, নেপালে রাষ্ট্রদূত, পররাষ্ট্র মন্ত্রণালয়ে মহাপরিচালক (প্রশাসন) এবং নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে উপহাইকমিশনারের দায়িত্ব পালন করেন।  

পররাষ্ট্রসচিব হিসেবে তিনি বিসিএস পররাষ্ট্র ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা আসাদ আলম সিয়ামের স্থলাভিষিক্ত হলেন। আজ ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সিয়ামের বিদায় অনুষ্ঠানে সালাহউদ্দিন নোমানকে পররাষ্ট্রসচিব হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়। 

সিয়াম ২০২৫ সালের ২০ জুন থেকে পররাষ্ট্রসচিবের দায়িত্ব পালন করেন। তাকে ভারতে বাংলাদেশের হাইকমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছে। ঢাকায় সরকারি পর্যায়ে বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষে চলতি নভেম্বরেই তার হাইকমিশনারের দায়িত্ব গ্রহণের কথা রয়েছে। 

তিনি হাইকমিশনার হিসেবে নয়াদিল্লিতে একই ব্যাচের কূটনীতিক রিয়াজ হামিদুল্লাহর স্থলাভিষিক্ত হচ্ছেন। রিয়াজ হামিদুল্লাহকে সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘ দপ্তরে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও দেশটিতে রাষ্ট্রদূত করা হয়েছে। তিনি ইতিমধ্যে এ দায়িত্ব গ্রহণ করেছেন।  

 

সর্বশেষ সর্বাধিক পঠিত