পৃথক দুর্ঘটনায় শিশুসহ নিহত চার

আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ০৭:২৯ এএম

কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় ছয় মাস বয়সী শিশুসহ দুজন নিহত হয়েছেন। গতকাল রবিবার দুপুরে উপজেলার উত্তর হারবাংয়ের হারবাং স্টেশন ও পেট্রোল পাম্প এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছেন। প্রথম দুর্ঘটনাটি ঘটে দুপুর ১২টার দিকে হারবাং স্টেশন এলাকায়। চকরিয়া থেকে টমটমে করে উত্তর হারবাং যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা সেনাবাহিনীর একটি পিকআপের সঙ্গে টমটমটির সংঘর্ষ হয়। এতে টমটম চালকসহ পাঁচজন আহত হন। সেনাবাহিনীর একটি দল দ্রুত তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ছয় মাস বয়সী শিশু আরহামকে মৃত ঘোষণা করেন।

নিহত শিশু আরহাম উত্তর হারবাংয়ের গয়ালমারা এলাকার বোরহান উদ্দিনের ছেলে। দুর্ঘটনায় তার মা ফাহমিদা ইয়াসমিন লাকি (২৩), লাকির বড় বোন উর্মী আক্তার, বোরহানের তিন বছর বয়সী মেয়ে আরিশা জান্নাত এবং টমটমচালক জাফর আলম গুরুতর আহত হন। জাফর আলম হারবাংয়ের মহাজনপাড়া এলাকার বাসিন্দা। আহত চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অন্যদিকে, একই মহাসড়কের উত্তর হারবাং পেট্রোল পাম্প এলাকায় পৃথক দুর্ঘটনায় মাহবুবুর রহমান (৬২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের ছৈয়দাবাদ এলাকার আবুল খায়েরের ছেলে।

চিরিঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ সার্জেন্ট মো. জাকিবুল ইসলাম দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হারবাং স্টেশনে সেনাবাহিনীর একটি ডাবল কেবিন পিকআপের সঙ্গে টমটমের সংঘর্ষে চালকসহ পাঁচজন আহত হন। তাদের মধ্যে ছয় মাস বয়সী শিশুটি মারা যায়। একই দিন উত্তর হারবাং পেট্রোল পাম্প এলাকায় মহাসড়কের পাশে এক মোটরসাইকেল আরোহীকে আহত অবস্থায় পড়ে

থাকতে দেখে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আইনগত প্রক্রিয়া শেষে নিহত দুজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ময়মনসিংহের নান্দাইলে পিকআপ ও ড্রাম ট্রাক মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। গত শনিবার রাত ৮টার দিকে কানুরামপুর-ত্রিশাল আঞ্চলিক সড়কের মোয়াজ্জেমপুর ইউনিয়নের বাহাদুরনগর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ত্রিশালগামী যাত্রীবাহী পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি বালুর ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজন নিহত ও দুজন আহত হন। জানা গেছে, দুর্ঘটনায় আহত হন নেত্রকোনার সদরের মল্লিকপুর গ্রামের আব্দুল রাজ্জাকের ছেলে সাব্বির মিয়া (৩০), বটতলা গ্রামের আব্দুল জলিলের ছেলে হারুন মিয়া (২০), তার ভাই রানা মিয়া (২৪) ও তার দুলাভাই খোকন মিয়া (৩৫)। পরে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের একটি দল আহতদের উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। নান্দাইল মডেল থানার ওসি আজহারুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছেন। তাকে ধরার জন্য অভিযান চলছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত