নোয়াখালী জেলা প্রশাসন পরিচালিত প্রভাতী শিশু শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা ৫৬ লাখ টাকার বেশি ফি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে জমা হয়নি। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। তবে অর্থ আত্মসাতের অভিযোগ যার বিরুদ্ধে, সেই প্রধান শিক্ষক লায়লা তারেককেই কমিটির প্রধান করায় তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিভাবকেরা।
মাইজদীতে ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানটির পদাধিকারবলে সভাপতি নোয়াখালীর জেলা প্রশাসক। প্রাপ্ত নথিপত্র অনুযায়ী, ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা ৫৬ লাখ ৬২ হাজার ২০৭ টাকা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে জমা হয়নি।
বছরভিত্তিক হিসাব অনুযায়ী, ২০২২ সালে ৯ লাখ ৯ হাজার ১১ টাকা, ২০২৩ সালে ১২ লাখ ৬৫ হাজার ৩৪২ টাকা, ২০২৪ সালে ১৮ লাখ ৬৮ হাজার ৭২০ টাকা এবং ২০২৫ সালে ১১ লাখ ৮৯ হাজার ৮২৪ টাকার গরমিল পাওয়া গেছে। এ ছাড়া ২০২৫ সালে আরও ৩৫ জন শিক্ষার্থীর ৪ লাখ ২৯ হাজার ৩১০ টাকা এবং ২০২৬ সালের জুনে ৭ লাখ ৩৭ হাজার ৬৭৭ টাকার হিসাবেও বড় ধরনের অসংগতি ধরা পড়েছে।
দীর্ঘ চার বছর প্রতিষ্ঠানের আর্থিক হিসাব যথাযথভাবে নিরীক্ষা না হওয়ায় এসব অনিয়ম আড়ালে থেকে যায় বলে জানা গেছে।
অর্থ আত্মসাতের অভিযোগ নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্যেও রয়েছে ভিন্নতা। প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কাছ থেকে ফি আদায় করা হতো ওয়ান ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবা ‘ওকে ওয়ালেট’-এর মাধ্যমে। সেবাটির ডিস্ট্রিবিউটর মো. সফিকুল আলম জানান, তিনি মাসে মাত্র দুই দিন প্রতিষ্ঠানে গিয়ে টাকা সংগ্রহ করতেন এবং রসিদের মাধ্যমে ব্যাংকে জমা দিতেন। অন্য দিনগুলোতে শিক্ষকেরাই টাকা তুলতেন।
সহকারী প্রধান শিক্ষক মো. শহীদুল ইসলাম আর্থিক লেনদেনে নিজের সম্পৃক্ততার কথা অস্বীকার করে এ ঘটনার সম্পূর্ণ দায় প্রধান শিক্ষকের বলে দাবি করেন। সহকারী শিক্ষক মো. হাবিবুর রহমান মামুন জানান, ডিস্ট্রিবিউটর না এলে প্রধান শিক্ষকের অনুমতি নিয়ে তিনি টাকা তুলে এজেন্ট ব্যাংকে জমা দিতেন।
অন্যদিকে প্রধান শিক্ষক লায়লা তারেক শিক্ষকদের দায়মুক্ত করে দাবি করেন, ওকে ওয়ালেটের ডিস্ট্রিবিউটরই টাকা ব্যাংকে জমা না দিয়ে আত্মসাৎ করেছেন।
অনুসন্ধানে সন্দেহজনক লেনদেনের তথ্যও পাওয়া গেছে। ২০২৬ সালের ৭ মার্চ ও ১৫ জুন ওকে ওয়ালেটের ডিস্ট্রিবিউটর ‘ফেন্স এন্টারপ্রাইজ’-এর অ্যাকাউন্টে যথাক্রমে ৫০ হাজার টাকা ও ১ লাখ ৫৬ হাজার ২১৫ টাকা জমা দেওয়া হয়। কার নির্দেশে এবং কী উদ্দেশ্যে এসব টাকা সেখানে পাঠানো হয়েছে, সে বিষয়ে কোনো সদুত্তর পাওয়া যায়নি।
এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জিনাত রেহানা জানান, আর্থিক গরমিলের ঘটনা তদন্তে গঠিত কমিটিকে আগামী ১৫ নভেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
তবে আর্থিক অনিয়মের অভিযোগ যার বিরুদ্ধে, তাকেই তদন্ত কমিটির প্রধান করায় ঘটনা ধামাচাপা দেওয়ার আশঙ্কা করছেন অভিভাবক ও স্থানীয়রা। জেলা প্রশাসকের তত্ত্বাবধানে পরিচালিত একটি প্রতিষ্ঠানে এত বড় আর্থিক অনিয়ম কীভাবে ঘটল, তা নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন তারা।