চীনা গোয়েন্দার সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে এনভিডিয়ার সিইও

আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ১২:০৫ পিএম

চীনা গুপ্তচর সন্দেহে থাকা এক নারীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের অভিযোগ ওঠার পর বিষয়টি নিয়ে স্বাধীন তদন্ত শুরু করেছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট এনভিডিয়া। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের সঙ্গে চীনা ব্যবসায়ী অ্যালিস হুয়াংয়ের সম্পর্ক নিয়ে সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনের পর এ সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। খবর বিবিসির। 

তবে এনভিডিয়ার বোর্ড জানিয়েছে, এখন পর্যন্ত কোম্পানির গোপনীয় তথ্য কিংবা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কোনো কারণ তারা দেখছে না। একই সঙ্গে জেনসেন হুয়াংয়ের নেতৃত্বে আস্থা প্রকাশ করে বোর্ড জানিয়েছে, তিনি সিইও হিসেবে দায়িত্ব পালন অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

এদিকে, নিজের ব্যক্তিগত জীবন নিয়েও মুখ খুলেছেন জেনসেন হুয়াং। স্ত্রীর প্রতি অবিশ্বস্ত হওয়ার কথা স্বীকার করে তিনি স্ত্রী ও সন্তানদের কাছে ক্ষমা চেয়েছেন।

নিজের কর্মকাণ্ডের সম্পূর্ণ দায় স্বীকার করে হুয়াং বলেন, তিনি এনভিডিয়ার কর্মী, পরিচালনা পর্ষদ এবং শেয়ারহোল্ডারদের প্রতি নিজের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন।

জাতীয় নিরাপত্তা নিয়ে ওঠা উদ্বেগের বিষয়ে তিনি বলেন, 'সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলোর পরিপ্রেক্ষিতে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ একটি স্বাধীন তদন্ত শুরু করেছে। আমি এই তদন্তকে সমর্থন করছি এবং পূর্ণ সহযোগিতা করব।'

তিনি আরও বলেন, 'আমি আমার দেশ ও কোম্পানিকে ভালোবাসি। এনভিডিয়াকে সুরক্ষিত রাখতে এবং যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা রক্ষায় কাজ করে যেতে আমি প্রতিশ্রুতিবদ্ধ। একজন আমেরিকান হিসেবে আমি গর্বিত ও কৃতজ্ঞ।'

এনভিডিয়ার পরিচালনা পর্ষদের পৃথক এক বিবৃতিতে বলা হয়েছে, জেনসেন হুয়াং বিদেশি গোয়েন্দা তৎপরতার লক্ষ্যবস্তু হয়ে থাকতে পারেন—সম্প্রতি এমন সংবাদ প্রকাশের পরিপ্রেক্ষিতেই তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের জাতীয় ও অর্থনৈতিক নিরাপত্তা এনভিডিয়া এবং এর শেয়ারহোল্ডারদের স্বার্থের ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার পায়। এখন পর্যন্ত জাতীয় নিরাপত্তা কিংবা এনভিডিয়ার গোপনীয় তথ্য ফাঁস হওয়ার কোনো প্রমাণ তাদের কাছে নেই। তবে তদন্তে সব ধরনের প্রাসঙ্গিক তথ্য খতিয়ে দেখা হবে।

নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, অ্যালিস হুয়াং নামের ওই চীনা ব্যবসায়ীকে নিয়ে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর সন্দেহ ছিল। তাদের ধারণা, তিনি চীনা সরকারের হয়ে কাজ করছিলেন। 

অন্যদিকে, চীনের পক্ষ থেকে এর আগে গুপ্তচরবৃত্তির অভিযোগ প্রত্যাখ্যান করা হয়েছে। বেইজিং এসব অভিযোগকে 'ভিত্তিহীন জল্পনা' বলে অভিহিত করেছে।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত