শুধু সাময়িক সংকট মোকাবিলা বা ‘ফায়ার ফাইটিং’ করে টেকসই স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি বলেছেন, স্বাস্থ্য খাতকে চিকিৎসাভিত্তিক মডেল থেকে প্রতিরোধভিত্তিক স্বাস্থ্যসেবায় রূপান্তর করতে হলে নীতিনির্ধারণ ও মাঠপর্যায়ের পরিকল্পনায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সম্পৃক্ত করা জরুরি।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে রাজধানীর মহাখালীতে জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানের (নিপসম) অডিটোরিয়ামে এমপিএইচ ও এমফিল ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নিপসমের পরিচালক অধ্যাপক ডা. নাসরিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন, ড্যাবের মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল এবং স্বাস্থ্য শিক্ষার অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. ফারুক আহাম্মদ।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, দায়িত্ব নেওয়ার পর গত আট মাসে স্বাস্থ্য মন্ত্রণালয়কে বিভিন্ন সংকট মোকাবিলায় ব্যস্ত থাকতে হয়েছে। দায়িত্ব গ্রহণের পরপরই হামের প্রাদুর্ভাব মোকাবিলা করতে হয়েছে। মাত্র এক মাসের মধ্যে দেশের প্রত্যন্ত অঞ্চলের দুই কোটি শিশুর কাছে টিকা পৌঁছে দেওয়া এবং কোল্ড চেইন নিশ্চিত করা সহজ কাজ ছিল না। এ ক্ষেত্রে দক্ষ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের পরিকল্পনা ও ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
ডেঙ্গু পরিস্থিতির উদাহরণ তুলে ধরে আন্তর্জাতিক জনস্বাস্থ্যবিদ ড. এম এ মুহিত বলেন, হামের প্রাদুর্ভাবের পর ডেঙ্গু মোকাবিলায় লার্ভিসাইড প্রয়োগ, প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ, হাসপাতালের শয্যা ও স্যালাইন সরবরাহ সমন্বয় এবং দ্রুততম সময়ে দেশের দুই হাজার চিকিৎসককে ডেঙ্গু চিকিৎসায় হালনাগাদ প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব কার্যক্রমের পেছনে জনস্বাস্থ্যভিত্তিক পরিকল্পনা কাজ করেছে।
তিনি বলেন, শুধু তাৎক্ষণিক সংকট মোকাবিলা করে টেকসই স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলা যায় না। স্বাস্থ্য খাতে এখনো সমন্বিত প্রাতিষ্ঠানিক দৃষ্টিভঙ্গির বড় ঘাটতি রয়েছে।
স্বাস্থ্য খাতের বিকেন্দ্রীকরণ ও কাঠামোগত সংস্কারের ওপর গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের প্রতিটি জেলা আয়তন ও জনসংখ্যার বিবেচনায় ইউরোপের অনেক দেশের সমান। অথচ জেলা পর্যায়ে সমন্বিত কোনো স্বাস্থ্য কর্তৃপক্ষ নেই। ৬৪ জেলায় অন্তত দুজন করে মোট ১২৮ জন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ নিয়োগ দিয়ে জেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা ও তদারকি কার্যক্রম সাজানো গেলে স্বাস্থ্য খাতের চিত্র আমূল বদলে যেতে পারে।
তিনি আরও বলেন, অতীতে স্বাস্থ্য খাতে হাজার কোটি টাকার কেনাকাটা হলেও সমন্বিত পরিকল্পনার অভাবে অবকাঠামো ও যন্ত্রপাতির যথাযথ ব্যবহার নিশ্চিত করা যায়নি। প্রতি একজন চিকিৎসকের বিপরীতে অন্তত তিনজন নার্স থাকার কথা থাকলেও স্বাধীনতার ৫৪ বছর পরও সরকারি খাতে চিকিৎসক ও নার্সের অনুপাত প্রায় সমান। এসব কাঠামোগত দুর্বলতা কাটাতে কমিউনিটি মেডিসিন, এপিডেমিওলজি, হেলথ পলিসি ও হাসপাতাল ব্যবস্থাপনার বিশেষজ্ঞদের সমন্বিতভাবে কাজে লাগানোর ওপর জোর দেন তিনি।
সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে শিক্ষার্থীদের উদ্দেশে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহারে ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ’ গড়ার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তার মূল ভিত্তি হলো প্রতিরোধমূলক ও প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদার করা। এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা বাস্তবায়নে তাঁদের প্রশিক্ষণ নির্দেশিকা তৈরি এবং দেশের রোগতাত্ত্বিক বাস্তবতা অনুযায়ী রোগী প্রেরণ ও সেবা আদান-প্রদানের সমন্বিত নেটওয়ার্ক গড়ে তোলার দায়িত্ব জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের পালন করতে হবে।
এ সময় শিক্ষার্থীদের সরকারের ২০ দফার অগ্রাধিকারমূলক স্বাস্থ্য লক্ষ্য এবং চিকিৎসাবর্জ্য ব্যবস্থাপনার মতো জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে গবেষণাভিত্তিক থিসিস তৈরির আহ্বান জানান তিনি।
নিপসমের গবেষণা কার্যক্রম প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, একসময় প্রতিষ্ঠানটির নিজস্ব গবেষণা সাময়িকী ‘জবসন’ আন্তর্জাতিক চিকিৎসা গবেষণা তথ্যভাণ্ডার ‘পাবমেড’-এ তালিকাভুক্ত ছিল। সাময়িকীটির সেই স্বীকৃতি ফিরিয়ে আনা জরুরি। পাশাপাশি ধামরাইয়ে অবস্থিত নিপসমের মাঠপর্যায়ের প্রশিক্ষণ কেন্দ্রের আবাসন ও গবেষণাগার সুবিধা আধুনিকায়নের মাধ্যমে শিক্ষার্থীদের সরাসরি মাঠপর্যায়ে কাজের অভিজ্ঞতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।
অনুষ্ঠানে সংসদ সদস্য ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন বলেন, সরকারের লক্ষ্য প্রতিরোধমূলক স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলা। বর্তমান স্বাস্থ্য প্রতিমন্ত্রী এ বিষয়ে গুরুত্ব দিচ্ছেন। সরকারের লক্ষ্য অর্জনে প্রতিরোধমূলক স্বাস্থ্য ব্যবস্থার বিকল্প নেই।
মানহীন মেডিকেল কলেজ কাউকে করতে দেওয়া হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী